
শেষ আপডেট: 1 April 2022 07:17
দ্য ওয়াল ব্যুরো: গত ১০ দিনে দেশে ৯ বার বেড়েছে জ্বালানি তেলের দাম (Petrol Price)। কলকাতায় তেলের দাম বেড়ে হয়েছে ১১১ টাকা ৩৫ পয়সা। ডিজেল ৯৬ টাকা ২২ পয়সা। আজ ১১তম দিনে বাড়ল না দাম। ঘটনাচক্রে, আজ আবার পয়লা এপ্রিল। আজই এপ্রিল ফুল, বিশ্ব বোকা বানানো দিবস। সোশ্যাল মিডিয়ায় তাই রসিকতা ঘনিয়েছে, এই তেলের দাম না বাড়াটা এপ্রিল ফুল নয় তো!
প্রসঙ্গত, গত বছর পয়লা এপ্রিল পেট্রোলের দাম ছিল ৬৯ টাকা ৫৯ পয়সা।
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন জানিয়েছে, গতকাল তেলের দাম (Petrol Price) দেশজুড়ে বাড়ার পরে, রাজধানী দিল্লিতে পেট্রোলের সর্বশেষ দাম প্রতি লিটারে ১০১ টাকা ৮১ পয়সা এবং ডিজেল প্রতি লিটার ৯৩ টাকা ৭ পয়সা। কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১১১.৩৫ টাকা এবং লিটার প্রতি ডিজেল ৯৬.২২ টাকা। মুম্বইয়ে লিটার প্রতি পেট্রোল এবং ডিজেলের দাম যথাক্রমে রয়েছে ১১৬.৭২ টাকা এবং ১০০.৯৪ টাকায়। চেন্নাইয়ে যথাক্রমে ১০৭.৪৫ এবং ৯৭.৫২দাম রয়েছে লিটার প্রতি পেট্রোল এবং ডিজেলের।
গত ২২ মার্চ থেকেই লাগাতার দাম বাড়ছে পেট্রোল এবং ডিজেলের (Petrol Price)। এর মধ্যে আজকের দিন নিয়ে মাত্র দু’দিন দাম বাড়ল না। পেট্রোল ইতিমধ্যেই সব রেকর্ড ভেঙে ১১১ টাকা হয়ে গিয়েছে। ডিজেলও প্রায় ১০০ ছুঁইছুই। অনেকেই বলছেন, পেট্রোলের দাম দেড়শো ছুঁতে বেশি দেরি নেই। মধ্যবিত্তের পকেটে ইতিমধ্যেই আগুন জ্বলছে, এবার হয়তো তা দাবানলে পরিণত হবে।