
শেষ আপডেট: 22 September 2023 06:48
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানে (Pakistan) বর্ধিত পেট্রলের দাম (Petrol Price) নিয়ে এমনিতেই জন অসন্তোষ ছিল। তার উপর শুক্রবার রাত থেকে তদারকি সরকার যে হারে পেট্রলের দামি বাড়িয়ে দিয়েছে, তাতে ক্ষোভের জ্বালামুখ খুলে গেছে। সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, পাকিস্তানে প্রতি লিটার পেট্রলের দাম এখন ৩০০ পাকিস্তানি রুপি বা টাকা।
পাকিস্তানের তদারকি সরকারের প্রধানমন্ত্রী আনওয়ার উল কাকার পেট্রল, ডিজেলের দাম বাড়ানোয় অনুমতি দিয়েছেন। তার ফলে পেট্রলের দাম লিটারে ২৬.০২ টাকা বেড়েছে, ডিজেলের দাম বেড়েছে ১৭.৩৪ টাকা।
পাক সংবাদমাধ্যম ডনের প্রতিবেদন অনুযায়ী এই মূল্যবদ্ধি যেন মানসিক ভাবে মেনে নিতে পারছেন না সে দেশের জনতা। সাইকোলজিকাল বেরিয়ার ভেঙে গেছে।
পাকিস্তানে পেট্রলের এই দাম নিয়ে ভারতে সোশ্যাল মাধ্যমে অনেকে আবার বিভ্রান্তি ছড়াতে শুরু করেছেন। তাঁরা বোঝাতে চাইছেন, ভারতের জনতাই ভাল আছে। এখানে পেট্রলের দামের তিন গুণের বেশি দাম পাকিস্তানে।
কিন্তু ঘটনা হল, পাকিস্তানে পেট্রলের দাম এর পরেও ভারতের তুলনায় সস্তা। ভারতের ১ টাকা মানে পাকিস্তানের ৩ টাকা ৫৭ পয়সা। অর্থাৎ পাকিস্তানের ৩৩০ টাকা মানে ভারতের (Petrol Price in India) ৯২.৫১ টাকা। কলকাতায় এখন পেট্রলের দাম লিটার প্রতি ১০৬.৩ টাকা।
বস্তুত পাকিস্তানে পেট্রল, ডিজেলের দাম অনেকটাই কম ছিল। কিন্তু সে দেশে তদারকি সরকার তৈরি হওয়ার পর পেট্রল ও ডিজেলের দাম এক ধাক্কায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পাকিস্তানে পেট্রলের উপর অবশ্য কোনও পণ্য পরিষেবা কর ধার্য করা হয় না। তবে পাক সরকার পেট্রলের উপর লিটার প্রতি ৬০ টাকা (পাক রুপি) করে পেট্রোলিয়াম ডেভেলপমেন্ট লেভি ধার্য করে। ডিজেলের উপর সেই লেভির পরিমাণ লিটার প্রতি ৫০ টাকা। আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের শর্তের কারণেই তা ধার্য করা হয়।
আরও পড়ুন: ‘তোমার নাতনি তোমার ভাইপোকে হারিয়েছে’, হাসিনার সঙ্গে গল্পের কথা বাংলায় এসে বললেন স্মৃতি