
বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, সস্তা হল বাণিজ্যিক গ্যাস (প্রতীকী ছবি)
শেষ আপডেট: 1 July 2024 09:40
দ্য ওয়াল ব্যুরো: মাসের শুরুতেই বাড়ল পেট্রোল,ডিজেলের দাম। সোমবার ১ জুলাই থেকে গ্রাহকদের বর্ধিত দাম গুনতে হবে।
লোকসভা ভোট শেষ হতেই দাম বাড়তে শুরু করেছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের। ইতিমধ্যেই আমজনতার মোবাইলের খরচ বাড়িয়ে দেওয়া হয়েছে। এবার বাড়ল রাজ্যে পেট্রল-ডিজেলের দাম। এতদিন লিটার প্রতি পেট্রোলের দাম ছিল ১০৩ টাকা ৯৪ পয়সা। সোমবার সকাল ৬ টা থেকে নতুন দাম ধার্য হয়েছে। বর্ধিত দাম অনুযায়ী, ১ লিটার পেট্রোল কিনতে দিতে হবে ১০৪ টাকা ৯৫ পয়সা। অর্থাৎ লিটার প্রতি পেট্রোলের দাম বাড়ল ১ টাকা ১ পয়সা।
এতদিন বাংলায় ডিজেলের দাম ছিল লিটার প্রতি ৯০ টাকা ৭৬ পয়সা। ১ জুলাই থেকে প্রতি লিটারে ১ টাকা দাম বেড়েছে ডিজেলের। লিটার পিছু ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯১ টাকা ৭৬ পয়সা। লোকসভা ভোটের আগে মার্চের মাঝামাঝি সময়ে প্রায় ২ টাকা দাম কমেছিল পেট্রল-ডিজেলের। আর ভোট মিটতেই বাড়ল জ্বালানির দাম। রাজ্যের করের কারণেই পেট্রোল-ডিজেলের দাম বেড়েছে বলে মনে করছে পেট্রল পাম্প মালিক সংগঠন।
অন্যদিকে, বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম সিলিন্ডার পিছু ৩১ টাকা করে কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার থেকেই কার্যকর হচ্ছে নতুন দাম। এতদিন ১৯ কেজির রান্নার গ্যাসের (বাণিজ্যিক) সিলিন্ডারের দাম ছিল ১৭৮৭ টাকা। যা তা কমে হয়েছে ১৭৫৬ টাকা। যদিও মধ্যবিত্তের হেঁশেলের জন্য রান্নার গ্যাসের সিলিন্ডারের দামে কোনও বদল আসেনি। ঘরোয়া ব্যবহারের ১৪.২ কেজি রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ৮২৯ টাকাই থাকছে।
১৯ কেজির রান্নার গ্যাসের সিলিন্ডারগুলি ব্যবহার হয় বিভিন্ন হোটেল, রেস্তোরাঁগুলিতে। আর আমজনতার ঘরে ঘরে যে সিলিন্ডারগুলি ব্যবহৃত হয়, সেগুলি ১৪.২ কেজির সিলিন্ডার। গত মাসেই ৭২ টাকা কমানো হয়েছিল সিলিন্ডার পিছু বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম। সেবারও ১৪.২ কেজির রান্নার গ্যাসের সিলিন্ডারের দামে কোনও বদল আনা হয়নি। এই মাসেও ঘরোয়া ব্যবহারের রান্নার গ্যাসের সিলিন্ডার পিছু দর অপরিবর্তিতই থাকছে।