কলকাতায় গণপরিবহণ চালু কাল থেকে, এদিকে পেট্রোলের আগুন দাম! ভাড়া বাড়াল উবার
দ্য ওয়াল ব্যুরো: গত দেড় মাসে ধরে একটানা দাম বাড়ছে পেট্রোল ও ডিজেলের৷ প্রতিদিনই যেন রেকর্ড দাম বাড়ছে। এর জেরে দেশের একাধিক শহরে পেট্রোলের দাম পেরিয়েছে লিটারপ্রতি ১০০ টাকা। কোথাও কোথাও ১০৫ টাকাও হয়ে গিয়েছে পেট্রোলের দাম ৷ মুম্বই, জয়সলম
শেষ আপডেট: 30 June 2021 10:01
দ্য ওয়াল ব্যুরো: গত দেড় মাসে ধরে একটানা দাম বাড়ছে পেট্রোল ও ডিজেলের৷ প্রতিদিনই যেন রেকর্ড দাম বাড়ছে। এর জেরে দেশের একাধিক শহরে পেট্রোলের দাম পেরিয়েছে লিটারপ্রতি ১০০ টাকা। কোথাও কোথাও ১০৫ টাকাও হয়ে গিয়েছে পেট্রোলের দাম ৷ মুম্বই, জয়সলমীর, হায়দরাবাদ, ভোপাল, ঔরঙ্গাবাদ, পটনা রয়েছে এই তালিকায়৷
দিল্লিতে আজ পেট্রোলের রেট ৯৮ টাকা ৮১ পয়সা, চেন্নাইয়ে ৯৯ টাকা ৮০ পয়সা, মুম্বইয়ে ১০৪ টাকা ৯০ পয়সা। বস্তুত, পেট্রোল ও ডিজেলের দামের উপরে এক্সসাইজ ডিউটি, ডিলার কমিশন ও অন্যান্য চার্জ যুক্ত করার পর প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় উপভোক্তাদের৷ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এবং ডলারের তুলনায় টাকার মূল্যের উপর নির্ভর করে দেশের বাজারে পেট্রোলে ও ডিজেলের দাম৷
অন্যান্য শহরের তুলনায় কলকাতাতেই বরং দাম কম পেট্রোলের। আজ বুধবার সকালে জানা গেছে, এ শহরে লিটার পিছু পেট্রোলের দাম ৯৮ টাকা ৬৪ পয়সা। বলাই বাহুল্য, এই 'কম দাম'ও মধ্যবিত্তের পকেটে ভালই আগুন লাগানোর জন্য যথেষ্ট।
এই পরিস্থিতিতেই আগামী কাল, ১ জুলাই থেকে গণপরিবহণের বিধিনিষেধ শিথিল হচ্ছে। রাস্তায় চলতে শুরু করছে সরকারি ও বেসরকারি বাস, ট্যাক্সি-সহ সবরকম গাড়ি। প্রশ্ন উঠেছে, একেই কম যাত্রী নিয়ে চালানোর নির্দেশ রয়েছে সরকারের, তার ওপর পেট্রোলের এমন আকাশছোঁয়া দাম। এই পরিস্থিতিতে বাস-ট্যাক্সিও কি ভাড়া বাড়াবে? এই নিয়ে যেন খানিক আতঙ্কেই রয়েছেন সাধারণ মানুষ।
ইতমিমধ্যেই ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অ্যাপ ক্যাব সংস্থা উবার। ১৫ শতাংশ ভাড়া বাড়াচ্ছে বলে ঘোষণা করেছে তারা। বুধবার রাত ১২টার পর থেকেই তাদের ভাড়া ১৫ শতাংশ বেড়ে যাবে। প্রতি কিলোমিটারে এ বার থেকে ১০ টাকার জায়গায় দিতে হবে ১৪ টাকা ৭০ পয়সা। যদিও টাইম চার্জ কমিয়ে ১ টাকা করা হয়েছে বলেই জানিয়েছে তারা। অন্য দিকে ভাড়া বাড়ানোর আবেদন জানিয়েছে আর এক অ্যাপ ক্যাব সংস্থা ওলা।
লোকাল ট্রেন, মেট্রো পরিষেবা এখনও বন্ধ। ৫০ শতাংশ যাত্রী নিয়ে চালাতে হবে বলে বহু বেসরকারি রুটের বাস এখনই চলতে শুরু করবে না। এই পরিস্থিতিতে এ শহরের একটা বড় অংশের কর্মজীবী মানুষের ভরসা অ্যাপক্যাবই। সেই ভাড়া যদি এত চড়া হয়, তবে মধ্যবিত্তের পকেটে রীতিমতো টান পড়বে লকডাউন পরবর্তী সময়ে।