মানুষের থেকে করোনা ছড়াচ্ছে পশুদের শরীরেও! হংকংয়ে সংক্রামিতের পোষ্যও আক্রান্ত মারণ ভাইরাসে
দ্য ওয়াল ব্যুরো: মানুষের থেকে মানুষের শরীরেই সবচেয়ে বেশি ছড়াচ্ছে নোভেল করোনার সংক্রমণ, এমনটাই দাবি করেছিলেন বিশ্বের তাবড় ভাইরাস বিশেষজ্ঞরা। মানুষের থেকে পশুদের শরীরে ভাইরাস ছড়ানোর তেমন কোনও সম্ভাবনা দেখা যায়নি। কিন্তু মারণ ভাইরাস বদলে দি
শেষ আপডেট: 4 March 2020 18:30
দ্য ওয়াল ব্যুরো: মানুষের থেকে মানুষের শরীরেই সবচেয়ে বেশি ছড়াচ্ছে নোভেল করোনার সংক্রমণ, এমনটাই দাবি করেছিলেন বিশ্বের তাবড় ভাইরাস বিশেষজ্ঞরা। মানুষের থেকে পশুদের শরীরে ভাইরাস ছড়ানোর তেমন কোনও সম্ভাবনা দেখা যায়নি। কিন্তু মারণ ভাইরাস বদলে দিল সব সমীকরণ। কোভিড-১৯ শেষে মানুষের থেকে সংক্রামিত হল পশুর শরীরেও। হংকংয়ের এক করোনা আক্রান্ত রোগীর পোষ্য কুকুরের শরীরেও মিলল ভাইরাসের জীবাণু। যদিও সে সংক্রমণ প্রাথমিক পর্যায়ে, তবে ডাক্তাররা বলছেন কোভিড-১৯ ধীরে ধীরে তার ক্ষমতা দেখাতে থাকে। মোক্ষম ধাক্কাটা দেয় সংক্রমণ ধরা পড়ার কিছুদিন পর থেকেই।
বছর ষাটেকের মহিলা নোভেল করোনাতে আক্রান্ত হয়েছিলেন কয়েকদিন আগেই। বাড়িতেই কোয়ারেন্টাইন করে রাখা হয়েছিল তাঁকে। মহিলার ওই পোষা কুকুরটিও ছিল তাঁর ধারেকাছেই। হংকংয়ের এগ্রিকালচার, ফিশারি অ্যান্ড কনজারভেশন ডিপার্টমেন্ট (এএফসিডি) জানাচ্ছে, পোমেরিয়ান গোত্রের ওই কুকুরটি অসুস্থ হয়ে পড়ে। তার মধ্যেও সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটারি সিন্ড্রোমের উপসর্গ দেখা দেয়। সংক্রমণ যদিও খুব কম, তবে কুকুরটি শরীরে মারণ ভাইরাসের জীবাণু বাসা বেঁধেছে।
করোনাভাইরাসের আতঙ্কে এখন কাঁপছে গোটা হংকং। এর আগে সার্স-ভাইরাসে তিনশোরও বেশি হংকংবাসীর প্রাণ কেড়েছিল। চিন থেকে করোনার সংক্রমণ বাড়ছে হংকংয়েও। করোনা আক্রান্ত অন্তত ১০৩ জন।

হংকংয়ের স্বাস্থ্যমন্ত্রী সোফিয়া চ্যান সিউ-চি বলেছেন, সংক্রমণের ইঙ্গিত মিললেই পোষ্যদের ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইন করে রাখা হবে। বাড়ির কোনও সদস্যের মধ্যে যদি ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে, তাহলে সেই বাড়িতে পোষ্যদের রাখা যাবে না।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক শীর্ষ আধিকারিক বলেছেন, কীভাবে কুকুরটি সংক্রামিত হল সেটা খতিয়ে দেখআ হচ্ছে। কারণ এই ভাইরাস সাধারণত মানুষের থেকে মানুষে (Human Transmission) সংক্রামিত হয়। মানুষের থেকে পশুদের শরীরে করোনা সংক্রমণের সম্ভাবনা কম। তবে জিনের বদলে এখন অনেক বেশি প্রাণঘাতী নোভেল করোনা। গবেষকরা বলছেন, এই ভাইরাসের দুটি স্ট্রেন মূলত সংক্রমণ ছড়াচ্ছে। তাদের মতিগতি এই মুহূর্তে বোঝা ভার। খুব দ্রুত ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ছে।
হংকংয়ের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, কুকুরটিকে আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে। এই প্রথমবার কোনও পোষ্যের শরীরে ভাইরাসের জীবাণু মিলল। তবে কুকুরটির অবস্থা স্থিতিশীল।