
শেষ আপডেট: 10 June 2022 12:25
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফ (Pervez Musharraf) ভেন্টিলেশনে আছেন। তিনি মারা গেছেন বলে একটি সূত্রে খবর মিলেছে। তবে পাকিস্তানের সংবাদমাধ্যমের তরফে জানা গেছে, এই খবর এখনও পুরোপুরি নিশ্চিত নয়। দুবাইয়ে রয়েছেন তিনি, ভর্তি সেখানকারই একটি মার্কিন হাসপাতালে।
জানা গেছে, বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন পারভেজ মুশারফ। শুক্রবার শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়। ৭৮ বছর বয়স হয়েছে তাঁর।
ওল্ড দিল্লিতে ১৯৪৩ সালে জন্মেছিলেন পারভেজ মুশারফ। প্রথম কয়েক বছর এদেশেই বেড়ে ওঠা, পড়াশোনা তাঁর। এর পরে ১৯৪৭ সালে দেশভাগের সময়ে পরিবারের সঙ্গে পাকিস্তান চলে যান তিনি।
২০০১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তানের রাষ্ট্রপতি ছিলেন পারভেজ মুশারফ। ২০০৭ সালে সংবিধান বাতিল করে সাংবিধানিক জরুরি অবস্থা ঘোষণার জন্য তিন সদস্যের বেঞ্চ তাঁকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়। ২০০৮ সালে ইমপিচমেন্ট এড়াতে ইস্তফা দেন তিনি। ২০১৪ সালেই তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে চার্জ গঠন হয়। ২০১৬ সালের ১৮ মার্চ চিকিৎসার জন্য দুবাই চলে যান তিনি। ২০১৯ সালে রাষ্ট্রদ্রোহের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে ফাঁসির আদেশ দেয় পাকিস্তানের বিশেষ আদালত।
তবে সেই ২০১৬ সালে দুবাইয়ে যাওয়ার পর থেকে তিনি আর ফেরেননি দেশে। তার কয়েক মাস পরেই বিশেষ আদালত তাঁকে ধারাবাহিক অপরাধী ঘোষণা করে। বারবার আদালতে হাজির না হওয়ায় পাকিস্তানে থাকা মুশারফের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেয় আদালত। পরে আদালতের নির্দেশে বাতিল হয় তাঁর পাসপোর্ট এবং সমস্ত পরিচয়পত্রও।
ক্রিকেটারদের দৈনিক ভাতা ১০০ টাকা, কলা কেনার খরচ ৩৫ লক্ষ! উত্তরাখন্ড রঞ্জি দলে আজব ব্যাপার