
শেষ আপডেট: 7 May 2023 20:00
দ্য ওয়াল ব্যুরো: পেরুর একটি সোনার খনিতে আচমকাই আগুন লেগে যায় (Peru Gold mine fire)। সেই আগুনে ঝলসে প্রাণ হারিয়েছেন ২৭ জন শ্রমিক। আগুন লাগার পরে উদ্ধারকাজ শুরু হলেও বাঁচানো যায়নি অনেকেই। গত ২০ বছরে পেরুর মতো ছোট দেশে এটিই সবচেয়ে বড় খনি বিপর্যয়।
দক্ষিণ পেরুর আরেকুইপা অঞ্চলের ‘লা এসপেরানজা’ সোনার খনিতে আগুন লাগে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও উদ্ধারকারী দল। সংবাদমাধ্যম সূত্রে খবর, মাত্র ২ জনকে ওই জ্বলন্ত খনি থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।
কীভাবে এই বিপর্যয় ঘটল? স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শট সার্কিটের কারণেই আচমকা আগুন লেগে যায় খনির মধ্যে। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়তে থাকে। যে সময় এই অগ্নিকাণ্ড ঘটে সেই সময় খনির মধ্যে পুরোদমে কাজ করছিলেন শ্রমিকরা।
আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে খনির মধ্যে। খনির মধ্যে থেকে বাইরে বের হতে পারেননি শ্রমিকরা।খনিটি পুনরায় ব্যবহার উপযোগী করতে ৩০ জনের একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে গেছে বলে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর।
যে এলাকায় এই খনিটি ছিল, সেই এলাকার এক প্রশাসনিক কর্তার কথায়, ওই সোনার খনিটি খুবই প্রত্যন্ত অঞ্চলে। সেখানে পৌঁছাতে সড়কপথে দেড় ঘণ্টার বেশি সময় লেগে যায়। এই দূরত্বই উদ্ধারকাজে সবচেয়ে বেশি বাধা হয়ে দাঁড়িয়েছিল।