.jpeg)
মমতা বন্দ্যোপাধ্যায় ও সিভি আনন্দ বোস।
শেষ আপডেট: 11 December 2024 08:38
দ্য ওয়াল ব্যুরো: রাজভবন-নবান্নের সহাবস্থানের ছবিটা আরও স্পষ্ট হল। মঙ্গলবার রাজ্যের আরও চারটি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগে সম্মতি জানাল রাজভবন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো নামের তালিকা থেকেই এই চারটি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগে সম্মতি জানিয়েছেন রাজ্যপাল বোস।
বস্তুত, এর আগে রাজ্যের প্রস্তাবে সম্মতি জানিয়ে ৬টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করেছিলেন আচার্য তথা রাজ্যপাল বোস। এবার কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ে তপতী চক্রবর্তী, মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে জানে আলম, মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ে সৌরাংশু মুখোপাধ্যায় এবং হিন্দি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য পদে নন্দিনী সাহুকে নিয়োগ পত্র দিলেন রাজ্যপাল।
বস্তুত, রাজ্যপালের ডাকে সাড়া দিয়ে গত সোমবার রাজভবনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তারপরই রাজ্যের আরও চারটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের বিষয়টি সামনে আসে। জানা যাচ্ছে, মঙ্গলবার ওই চারজন উপাচার্যকে রাজভবনে ডেকে তাঁদের হাতে নিয়োগ পত্র তুলে দিয়েছেন বোস।
এর আগে রাজ্যের প্রস্তাবে সম্মতি জানিয়ে প্রেসিডেন্সি, বর্ধমান, বাঁকুড়া, কল্যাণী, সিধু-কানহো-বিরসা এবং রানি রাসমণি গ্রিন বিদ্যালয়ের স্থায়ী উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল। ফলে এক সপ্তাহের মধ্যে রাজ্যের ১০টি বিশ্ববিদ্যালয় পেল স্থায়ী উপাচার্য। রাজ্যের মোট বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৩৬। শীঘ্রই বাকি ২৬টি বিশ্ববিদ্যালয়েও স্থায়ী উপাচার্য নিয়োগ করা হবে।
উপাচার্য নিয়োগ নিয়ে একসময় রাজ্য বনাম রাজ্যপালের সংঘাত শীর্ষ আদালত পর্যন্ত পৌঁছেছিল। এ ব্যাপারে সুপ্রিম কোর্টে মামলা হওয়ার পর প্রাক্তন প্রধান বিচারপতি ইউ ইউ ললিতের নেতৃত্বে ‘সার্চ-অ্যান্ড-সিলেকশন’ কমিটি তৈরি হয়েছিল। বলা হয়েছিল, এই কমিটিই প্রতিটি বিশ্ববিদ্যালয়ের জন্য উপাচার্য নিয়োগের জন্য পছন্দ মতো তিনটি নামের তালিকা মুখ্যমন্ত্রীর কাছে পাঠাবে। সেই তালিকা থেকে মুখ্যমন্ত্রী পছন্দের ভিত্তিতে একটি তালিকা তৈরি করে রাজ্যপালকে পাঠাবেন। কোনও সমস্যা তৈরি হলে প্রয়োজনে পরে তা বিবেচনা করা হবে।