
ফাইল ছবি
শেষ আপডেট: 6 April 2025 21:50
দ্য ওয়াল ব্যুরো: 'আমাদের লাশের ওপর বিধানসভা ভোট হবে!' সোমবার নেতাজি ইনডোরে চাকরিহারারা সভা করবেন। সেখানে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার আগে রবিবার চরম হুঁশিয়ারি দিয়ে দিলেন চাকরিহারাদের একাংশ (SSC Case Verdict)। শুধু তৃণমূল কংগ্রেস নয়, সমস্ত রাজনৈতিক দলকে (Political Parties) একজোট হয়ে রাস্তা বের করতে বললেন তাঁরা। নাহলে ২০২৬-এর নির্বাচন কেউ লড়তে পারবেন না বলে 'সতর্ক' করলেন সকলে।
রবিবার শহিদ মিনারের পাদদেশে জমায়েত করেন চাকরিহারাদের একটা বড় অংশ। তাঁদের বক্তব্য, সব রাজনৈতিক দলগুলি এখন মরা-কান্না কাঁদছে! প্রত্যেকেই বলছে তাঁরা সুপ্রিম কোর্টের রায় মানতে পারছেন না। যোগ্যদের সঙ্গে অন্যায় হয়েছে। অর্থাৎ, এক কথায় তাঁরাও রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে গিয়ে এই ইস্যুতে একজোট হয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের বিরোধিতা করছে। তাই তাঁরা চান, সকলে একসঙ্গে এই সমস্যা সমাধানের চেষ্টা করুক।
চাকরিহারাদের হুঁশিয়ারি, 'আমাদের রাস্তা বের করে না দিলে বিধানসভা নির্বাচন কাউকে লড়তে দেব না। আমাদের লাশের ওপর দিয়ে নির্বাচন লড়তে হবে।' তাঁরা সাফ জানাচ্ছেন, সুপ্রিম কোর্টের রায় তাঁদের কাছে মৃত্যুদণ্ডের সমান। তাই তাঁদের পাশে দাঁড়িয়ে যদি কেউ সমাধান না বের করতে পারে তাহলে আসন্ন বিধানসভা নির্বাচন তাঁদের লাশের ওপর দিয়ে হবে!
সুপ্রিম কোর্টের রায় তাঁরা মানতে পারছেন না কারণ শীর্ষ আদালত কীসের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে তা তাঁদের বোধগম্য হয়নি। এমনটাই জানিয়েছেন চাকরিহারাদের একাংশ। এমনকী তাঁরা এও বলছেন, সিবিআই-এর তদন্ত রিপোর্ট শীর্ষ আদালত গ্রাহ্য করেনি। তাহলে সিবিআই-কে দিয়ে তদন্ত করাল হল কেন? কী লাভ হল সিবিআই তদন্ত করে? চাকরি বাতিলের পর এই প্রশ্ন তুলেই সরব চাকরিহারারা।
শীর্ষ আদালতের রায়কে 'মান্যতা' না দিয়ে তাঁদের বক্তব্য, মৃত্যুদণ্ড দিতে গেলে বছরের পর বছর বিশ্লেষণ করা হয়। কিন্তু তাঁদের মামলায় সময় নিয়ে যাবতীয় তথ্য বিশ্লেষণের সময় হল না দেশের সর্বোচ্চ আদালতের। অবশ্যই রায় পুনর্বিবেচনার আবেদন জানানো হবে।