
শেষ আপডেট: 31 December 2022 14:33
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার ভোররাতে গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হন ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থ (Rishabh Pant Accident)। প্রচণ্ড গতিতে থাকা মার্সিডিজটা যখন ধাক্কা মেরে খেলনা গাড়ির মতো উল্টে যায় তখন আশেপাশে কয়েকজন ছিল। তাঁরাই উদ্যোগ নিয়ে রক্তাক্ত, দগ্ধ পন্থকে দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তাঁরা অপেক্ষা করেননি পুলিশের। জন্য কার্যত প্রাণে বেঁচে যান ঝলসে যাওয়া ঋষভ।
এভাবে মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়ায় পুলিশের তরফ থেকে সম্মানিত ও পুরস্কৃত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উত্তরাখণ্ডের (Uttarakhand Police) ডিজিপি জানান, কোনও গাড়ি দুর্ঘটনার পরের এক ঘণ্টা আহতদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যত তাড়াতাড়ি চিকিৎসা শুরু করা সম্ভব হয়, ততই মঙ্গল আহতদের। প্রাণের বাঁচার সম্ভাবনাও বাড়ে। ঋষভ পন্থের ক্ষেত্রেও যেসব মানুষ এগিয়ে এসেছিলেন, তাঁদের ভারত সরকারের সড়ক পরিবহন মন্ত্রকের গুড সামারিটান প্রকল্পের অধীনে সম্মানিত করা হবে। তিনি সাধারণ মানুষের কাছে আবেদন জানান, এভাবেই এগিয়ে আসার জন্য। যাতে দুর্ঘটনায় আক্রান্তদের বাঁচানো যায়।
প্রসঙ্গত, শুক্রবার ভোরে দুর্ঘটনাগ্রস্থ গাড়িটি থেকে কাচের জালনা ভেঙে কোনওরকমে পন্থকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে দেরাদুনের ম্যাক্স হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসা চলছে ভারতীয় ক্রিকেটারের।
এখন কেমন আছেন পন্থ?
হাসপাতাল সূত্রে খবর, পন্থের স্ক্যান ও এমআরআই হয়েছে। আশঙ্কা ছিল তাঁর মাথা ও মেরুদণ্ডের চোট নিয়ে। তবে গতকাল সন্ধের পর এমআরআই রিপোর্ট হাতে আসতে কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলেন চিকিৎসকরা। ম্যাক্স হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, পন্থের মস্তিষ্ক ও মেরুদণ্ডের চোট খুব একটা মারাত্মক নয়। তবে তাঁকে এখন বিশ্রামেই থাকতে হবে। ফলে আসন্ন অস্ট্রেলিয়া সফর ও আইপিএল খেলার সম্ভাবনা নেই ঋষভের।
পন্থের কপালে প্লাস্টিক সার্জারি, রাজধানীতে স্থানান্তরের সিদ্ধান্ত শিগগির