
প্রতীকী ছবি
শেষ আপডেট: 11 November 2024 19:44
কোচবিহারের ঐতিহাসিক সাগরদিঘিতে কচ্ছপ অসুস্থ হয়ে পড়ছে। এই ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অনুমান করা হচ্ছে, দিঘির জলের দূষণের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অনেকের মত, জলাশয়ের মান উন্নত না করলে ভবিষ্যতেও এমন ঘটনা ঘটতে পারে। শুধু কচ্ছপ নয়, দিঘির অন্যান্য প্রাণীদের জীবন সংশয় হতে পারে।
দিঘির জলের শুদ্ধতা নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন উঠেছে। সম্প্রতি বিষয়টি আরও মাথাচাড়া দেয় কারণ, সাগরদিঘির ধারে একটি কচ্ছপকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা কচ্ছপটিকে দেখামাত্রই বন দফতরকে খবর দেয়। তারপর বনদফতরের কর্মীরা এসে অসুস্থ প্রাণীটিকে উদ্ধার করে নিয়ে যান।
২১১ বছরের পুরনো ইতিহাস রয়েছে সাগরদিঘির। অত্যন্ত জনপ্রিয় জলাশয় এটি, যা স্থানীয় মানুষ ও পর্যটকদের কাছে খুবই পছন্দের জায়গা। তবে দিনের পর দিন এর জল দূষিত হচ্ছে বলেই অভিযোগ। আর এর জন্য রাজনীতিকেই দায়ী করছেন পরিবেশপ্রেমীরা।
কচ্ছপ, স্থানীয় ভাষায় যার অপর নাম 'মোহন', তাদের প্রতি কোচবিহারের মানুষের আলাদা আবেগ রয়েছে। একই সঙ্গে তাকে ঘিরে ছড়িয়ে থাকা বিভিন্ন ঐতিহাসিক গল্পও স্থানীয় মানুষের উদ্বেগকে বাড়িয়ে তুলেছে। কোচবিহারের বাসিন্দারা চান, মোহন এবং সাগরদিঘির রক্ষণাবেক্ষণ সঠিকভাবে করা হোক যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়।