
শেষ আপডেট: 9 September 2023 17:11
দ্য ওয়াল ব্যুরো: ব্রাজিলের হয়ে মহানজির গড়ার পরে পেলের (Pele) সঙ্গে তুলনা চলে আসছে নেমারের (Neymar)। ব্রাজিলের মিডিয়ার একাংশ লিখছে, নেমারও পেলের মতোই সমদক্ষতাসম্পন্ন তারকা। যিনিও ব্রাজিলকে অনেকটা পথ একা টেনেছেন। পেলের পাশে যেমন গ্যারিঞ্চা, টোস্টাও, ভাভারা ছিলেন, নেমার কাউকে তেমন পাননি। তবুও তাঁর নামের পাশে এতগুলি গোল।
তিনি বলিভিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা পর্বের ম্যাচে জোড়া গোল করে এই নতুন রেকর্ড করেছেন। ব্রাজিলের হয়ে পেলের মোট গোল ছিল ৭৭টি। কিন্তু নেমার লাতিন আমেরিকার এই দলের বিরুদ্ধে দুটি গোল করেছেন, এই গোলের সুবাদে নেমারের মোট গোল সংখ্যা ৭৮টি।
যে কারণে এবার থেকে ব্রাজিলীয় ফুটবলের সর্বোচ্চ গোলদাতা হিসেবে মানা হবে নেমারকে। এমনকী পেলের সঙ্গে তুলনা প্রসঙ্গে ম্যাচ শেষে নেমার বলেছেন, ‘পেলে অনেক এগিয়ে আমার থেকে। ব্রাজিল ফুটবলকে বিখ্যাত করেছেন পেলে। আমি বেশি গোল করেছি মানে তিনি আমার থেকে পিছিয়ে এটা বলা যাবে না। আমি তেমন ভাবছিও না। আমি বরাবর চেয়েছিলাম, ব্রাজিলের জার্সি গায়ে স্মরণীয় কিছু করে রাখতে। সেটি আমি পেরেছি। আমার পরিবার ও বন্ধুবান্ধবদের অনেক কৃতজ্ঞতা জানাই।’
এদিকে, কাতার বিশ্বকাপে হারের পর কোচের পদ থেকে সরে দাঁড়ান তিতে। এরপর থেকে ব্রাজিল ফুটবলে কোনও স্থায়ী কোচ আসেনি। শনিবার নেমাররা জিতলেন অন্তবর্তীকালীন কোচ ফার্নান্দো দিনিজের অধীনে।
ব্রাজিলের দলের পক্ষে প্রথমে বলা হয়েছিল নেমার আগামী দুটি ম্যাচ খেলতে পারবেন না। কিন্তু সৌদি আরবের আল হিলাল ক্লাব থেকে জাতীয় শিবিরে পৌঁছে নেমারের মনে হয়েছে তিনি মাঠে নামবেন।
এই মরশুমে পিএসজি ছেড়ে সৌদির ক্লাবে যোগ দিয়েছেন ৩১ বছরের স্ট্রাইকার। তিনি নানা বিতর্কে এমনিতেই দিশেহারা। বান্ধবীর সঙ্গে প্রতারণা করেছেন, এমনই অভিযোগ রয়েছে। পাশাপাশি তিনি ব্রাজিলের সাও পাওলোতে বাড়ি করেছেন নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে। নেমার সৌদির ক্লাবে খেলতে গিয়েছেন বার্ষিক ২০০ কোটির চুক্তিতে।