দ্য ওয়াল ব্যুরো : ২০১৭ সালে জয়পুরে গরুর হাট থেকে কয়েকটি গরু কিনেছিলেন ডেয়ারি ব্যবসায়ী পেহলু খান ও তাঁর দুই ছেলে। তাঁরা গরু নিয়ে ফিরছিলেন হরিয়ানায়। পথে আলওয়ারে হাইওয়ের ওপরে গাড়ি থামিয়ে তাঁদের মারধর করে গোরক্ষকরা। পেহলু খান গুরুতর হন। সরকারি হাসপাতালে পরদিন তাঁর মৃত্যু হয়। বুধবার আলওয়ারের অতিরিক্ত জেলা জজ সরিতা স্বামী ওই হত্যাকাণ্ডে ধৃত ছ’জনকে বেকসুর খালাস করে দিলেন। বেনিফিট অব ডাউটে তারা মুক্তি পেয়েছে।
একটি ভিডিও ক্লিপে দেখা গিয়েছিল, জনতা পেহলু খানদের মারধর করছে। সেই ফুটেজ ভাইরাল হয়। ভিডিও দেখেই পুলিশ অভিযুক্তদের চিহ্নিত করে। মোট ন’জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে তিনজন নাবালক। তারা আগেই জামিনে মুক্তি পেয়েছে।