
শেষ আপডেট: 31 March 2024 17:22
দ্য ওয়াল ব্যুরো: প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল আসানসোল জেলা হাসপাতালে। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে ভাঙচুর চালায় মৃতার পরিবার।
মৃতার নাম লাভলি গয়াল। বছর ৩২-এর লাভলি আসানসোলের মুর্গাশোলের বাসিন্দা। শনিবার বিকেলে প্রসব যন্ত্রণা নিয়ে লাভলিকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সে দিনই একটি কন্যা সন্তানের জন্ম দেন লাভলি। এরপর রবিবার তাঁর মৃত্যু হয়। এরপরই ক্ষোভে ফেটে পড়েন তরুণীর পরিবার। তরুণীর কন্যাসন্তানটি সুস্থ রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
লাভলির মৃত্যুর খবর পেতেই হাসপাতালে আসে তাঁর পরিবারের লোকজন। চিকিৎসক এবং নার্সের গাফিলতির জেরেই তরুণীর মৃত্যু হয়েছে, এমনই অভিযোগে বিক্ষোভে দেখাতে থাকেন তাঁরা। তাঁদের এও অভিযোগ, রোগীর অবস্থার যে অবনতি হচ্ছে, হাসপাতাল থেকে তা পরিবারকে জানানো হয়নি। একেবারে শেষ সময়ে তাঁদের খবর দেওয়া হয়েছে।
এদিকে তরুণীর মৃত্যুর খবর পাওয়ার পরই আসানসোল জেলা হাসপাতালে তোলপাড় শুরু হয়ে যায়। বিক্ষুব্ধ জনতা নিরাপত্তারক্ষীকে মারধর করে বলেও অভিযোগ উঠেছে। পরিবারের তরফে লিখিত অভিযোগ করা হয়েছে।
মৃতার পরিবারের তরফে অবিলম্বে এই ঘটনায় অভিযুক্ত চিকিৎসক ও নার্সের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দিয়েছেন হাসপাতাল সুপার নিখিলচন্দ্র দাস।