
প্রতীকী ছবি
শেষ আপডেট: 4 December 2024 19:04
দ্য ওয়াল ব্যুরো: আবার নেশামুক্তি কেন্দ্রে মারধরের অভিযোগ। ঘটনাস্থল সেই বারুইপুর। মাত্র কয়েকদিন আগে সেখানের এক নেশামুক্তি কেন্দ্রে এক যুবককে পিটিয়ে মারার ঘটনা ঘটেছিল। বুধবারও রোগীকে মারধরের অভিযোগ উঠল। ঘটনায় ইতিমধ্যে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, বারুইপুর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের পুরাতন বাজার এলাকার এই নেশামুক্তি কেন্দ্রে চিকিৎসাধীন এক নাবালককে এবার ব্যাপক মারধর করা হয়েছে। উলঙ্গ করে তাকে প্রথম জানলার সঙ্গে গামছা দিয়ে বাঁধা হয়েছিল। তারপর বেধড়ক মারধর করা হয়। এতে সে অসুস্থ হয়ে পড়ে বলেও দাবি। পুলিশ বিষয়টি জানতে পারলে তাঁরা এসে একজনকে গ্রেফতার করেছে। একই সঙ্গে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ওই নেশামুক্তি কেন্দ্রও।
পুলিশ জানিয়েছে, নেশামুক্তি কেন্দ্রের একটি ভিডিও তাঁদের হাতে এসেছিল। তাতে দেখা গেছিল কীভাবে এক নাবালককে মারধর করা হচ্ছে। সেই ভিডিওর সূত্র ধরেই এই নেশামুক্তি কেন্দ্রটিকে খুঁজে বের করেন অফিসাররা। তারপর নাবালককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। একই সঙ্গে, এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলাও রুজু করেছে পুলিশ। প্রায় ১১ মাস ধরে ওই নেশামুক্তি কেন্দ্রটি চলছিল।
যে বাড়িতে ওই নেশামুক্তি কেন্দ্র বানানো হয়েছিল তার মালিককে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। পাশাপাশি কেন্দ্র সংক্রান্ত যাবতীয় কাগজপত্রও জমা নিয়েছেন তদন্তকারীরা। যে নাবালককে মারধর করা হয়েছে সে মাত্র ২৬ দিন আগে সেখানে ভর্তি হয়েছিল।
কয়েকদিন আগে বারুইপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডে একটি নেশামুক্তি কেন্দ্রে এক যুবককে পিটিয়ে মারার ঘটনা ঘটেছিল। দক্ষিণ গড়িয়া এলাকা বাসিন্দা সৌরভ মণ্ডল বছর দেড়েক আগে নেশামুক্তি কেন্দ্রে ভর্তি হন। তারপর থেকে সেখানেই থাকছিলেন। এই ঘটনার প্রতিবাদে ওই নেশামুক্তি কেন্দ্রে ভাঙচুর চালিয়েছিল পরিবারের লোকজন।