দ্য ওয়াল ব্যুরো: এবার রাজধানী এক্সপ্রেসে ছড়ালো করোনাভাইরাসের আতঙ্ক! এতদিন একাধিক বার বোমাতঙ্কের জেরে হুলস্থূল পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে বিভিন্ন ট্রেনে। এবার সেই একই কাণ্ড ঘটাল স্বয়ং করোনাভাইরাস।
রবিবার দুপুর দুটোয় হাওড়া থেকে ছাড়ে নিউ দিল্লি ভায়া পাটনা রাজধানী এক্সপ্রেস। সূত্রের খবর, ট্রেনটির এ৫ বগিতে দু'জন রাশিয়ার নাগরিক ছিলেন। তাঁদের দেখে হঠাৎই ট্রেনের কিছু যাত্রী আলোচনা শুরু করেন, তাঁরা করোনাভাইরাসে আক্রান্ত। আলোচনা থেকে গুজব ছড়াতে সময় লাগেনি, গুজব থেকে আতঙ্কও সহজেই ছড়িয়ে পড়ে।
পূর্ব মধ্য রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক রাজেশ সিং জানান, রাজধানী এক্সপ্রেসে যাত্রীদের মধ্যে যে কিছু সমস্যা হচ্ছে, সে খবর পৌঁছয় রেল কর্তৃপক্ষের কাছেও। বিষয়টি এতই গুরুতর হয়ে ওঠে যে পাটনা স্টেশনে ট্রেন থামিয়ে ওই দুই রাশিয়ান নাগরিকের স্বাস্থ্য পরীক্ষা চলে। তবে পরীক্ষার পরে চিকিৎসকরা জানান, করোনার কোনও লক্ষণই নেই ওই যাত্রীদের শরীরে। এর পরে ট্রেনটি ফের দিল্লির উদ্দেশ্যে রওনা দেয়।
জানা গেছে গত মাসের ২৭ তারিখে এদেশে এসেছিলেন ওই রাশিয়ান যুগল। আগামী কাল অর্থাৎ সোমবার দিল্লি থেকে প্লেন ধরে তাঁদের দেশে ফেরার কথা।
বিশ্বের বিভিন্ন দেশে ভয়াল আকার নিয়েছে নোভেল করোনাভাইরাস। চিনের উহান শহর এর উৎসস্থল হলেও ইতালি, ফ্রান্স, জাপান, সৌদি আরব-সহ মোট ১৩৫টি দেশে থাবা বসিয়েছে করোনা। মারা গেছেন প্রায় হাজার পাঁচেক মানুষ। আক্রান্ত দেড় লক্ষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু ইতিমধ্যেই বিশ্বজোড়া মহামারী বলে ঘোষণা করেছে এই অসুখকে। ভারতও ঝুঁকির বাইরে নেই। ইতিমধ্যেই দেড়শো জনেরও বেশি মানুষ আক্রান্ত করোনাভাইরাসে। মারা গেছেন দু'জন। এই পরিস্থিতিতে আতঙ্ক বাড়ছে বিশ্বের প্রতিটি কোণায়।