
পার্থ চট্টোপাধ্যায়।
শেষ আপডেট: 21 March 2025 16:51
দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের (Parth Chatterjee) জন্য মেডিক্যাল বোর্ড গঠন করার কথা আগেই জানিয়েছিল প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ। এজন্য এসএসকেএম হাসপাতালে চিঠিও দিয়েছিল তাঁরা। এবার আদালতে পার্থর আইনজীবী জানালেন, তাঁর মক্কেল আরও অসুস্থ হয়ে পড়েছেন। অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে। অবিলম্বে জামিন দেওয়া হোক।
কলকাতার বিচার ভবনে শুক্রবার একথা বলেন পার্থর আইনজীবী। পাল্টা হিসেবে এদিনও সিবিআইয়ের তরফে জামিনের তীব্র বিরোধিতা করার পাশাপাশি পার্থই যে নিয়োগ দুর্নীতির মাস্টারমাইন্ড তার স্বপক্ষে একাধিক দাবিও করা হয়।
আদালতে সিবিআইয়ের দাবি, পার্থর নির্দেশেই টাকার বিনিময়ে অযোগ্যরা চাকরি পেয়েছিল। এ ব্যাপারে আদালতে বেশ কিছু নথিও দাখিল করে তদন্তকারীরা। যদিও সিবিআইয়ের বিরোধিতা করে পার্থর আইনজীবী বলেন, যে সব নথির কথা বলা হচ্ছে, সেগুলো একটাও পার্থর হাতের লেখা নয়। ফলে সিবিআইয়ের আনা দাবির কোনও যৌক্তিকতা নেই।
২০২২ সালের ২৩ জুলাই নাকতলার বাড়ি থেকে পার্থকে গ্রেফতার করেছিল ইডি। তখন থেকেই জেলবন্দি পার্থ। ইডির মামলায় জামিন পেলেও সিবিআইয়ের মামলায় এখনও জামিন পাননি।
এরই মধ্যে পার্থর বিপদ বাড়িয়ে নিয়োগ মামলায় রাজসাক্ষী হয়েছেন তাঁরই জামাই কল্যাণময় ভট্টাচার্য। গত সপ্তাহে আদালতে তাঁর বয়ানও রেকর্ড করা হয়েছিল। সূত্রের খবর সেখানেই কোটি কোটি টাকার হিসেব দিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামাই (Son In Law)। অর্থাৎ, নিযোগ মামলায় আরও বিপাকে পার্থ। এখন দেখার আদালত আবেদন মঞ্জুর করে কিনা। ইতিমধ্যে জামিন চেয়ে শীর্ষ আদালতে গিয়েছে পার্থ। দু'সপ্তাহের মধ্যে সিবিআইকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিমকোর্ট।