
শেষ আপডেট: 16 June 2024 12:55
দ্য ওয়াল ব্যুরো: মির্জা গালিব স্ট্রিটে গুলি চালানোর ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত মূল অভিযুক্ত অধরা। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে মূল অভিযুক্তের এক আত্মীয় রয়েছে বলে পুলিশ সূত্রের খবর।
শুক্রবার রাত সাড়ে ১২টা নাগাদ পার্কস্ট্রিট এবং মির্জা গালিব স্ট্রিটের সংযোগস্থলে অশান্তি শুরু হয়। খানিকক্ষণের মধ্যেই ওই এলাকায় ৭০-৮০ জন চলে আসে। ঝামেলার মাঝে দুষ্কৃতীরা গুলি চালিয়ে পালিয়ে যায়। ঘটনাটিতে আহত হন রাকিব নামের এক যুবক। ২৯ বছরের ওই যুবক মির্জা গালিব স্ট্রিটের বাসিন্দা। তাঁকে লক্ষ্য করে গুলি চালানোর মূল অভিযোগ উঠেছে সোনা নামের এক যুবকের বিরুদ্ধে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এদিকে এই ঘটনায় পুলিশ ওই এলাকারই এক ট্যাক্সি চালককে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছে। যিনি নির্দোষ বলে দাবি স্থানীয়দের। ছোট বাদানুবাদ থেকে ঝামেলা বড় আকার নেয় বলেই জানিয়েছেন এলাকাবাসীরা।
ঘটনাটির পরই পার্কস্ট্রিট থানা এবং লালবাজারের গুন্ডা দমন শাখা যৌথভাবে তদন্ত শুরু করে। প্রাথমিকভাবে পুলিশ জানতে পারে, বাইক নিয়ে রেষারেষির জেরে যুবকদের দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা শুরু হয়। ঠিক কী কারণে গুলি চলল, তা ধৃতদের জেরা করে জানার চেষ্টা করছে পুলিশ।
ঘটনাটিতে শনিবার রাতে তিন জনকে গ্রেফতার করা হয়েছিল। রবিবার সকালে পুলিশ আরও একজনকে গ্রেফতার করেছে। সিসিটিভিতে ধৃতদের গুলি চালাতে দেখা না গেলেও ওই ঘটনার সঙ্গে তাঁরা যুক্ত বলে অভিযোগ। এখনও সোনা নামে মূল অভিযুক্তকে খুঁজছে পুলিশ।