পার্কস্ট্রিট মেট্রো স্টেশনের (Park Street Metro Station) নাম একসপ্তাহের মধ্যেই বদলে যাচ্ছে। মেট্রোর নামের সঙ্গে যুক্ত হবে একটি হোটেল ম্যানেজমেন্ট শিক্ষা প্রতিষ্ঠানের। নতুন নাম হবে 'আইআইএইচএম পার্কস্ট্রিট মেট্রো (Park Street Metro)।
স্টেশনটির ব্রান্ডিংয়ের জন্য ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট (IIHM) এবং কলকাতা মেট্রো (Kolkata metro) রেলের একটি চুক্তি হয়েছে বুধবার। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সুবর্ণ বসু এবং মেট্রো রেলের ডেপুটি চিফ অপারেশন ম্যানেজার (কমার্শিয়াল) কৌশিক মিত্র ওই চুক্তিতে সই করেন।
সুবর্ণ বসু জানিয়েছেন, 'তাঁরা পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের ব্র্যান্ডিং করার জন্য উৎসাহিত। পার্কস্ট্রিট কলকাতার একটি আইকনিক জায়গা। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, যাত্রীভাড়ার বাইরেও রাজস্ব বৃদ্ধির লক্ষেই এই সিদ্ধান্ত। ১২টি মেট্রো স্টেশনকে ব্র্যান্ডিংয়ের জন্য বেছে নেওয়া হয়েছে। পার্কস্ট্রিট তারমধ্যে একটি। বাকি স্টেশনগুলির মধ্যে উত্তর-দক্ষিণ করিডোরে পাঁচটি, এবং পূর্ব-পশ্চিম করিডোরে সাতটি।
কলকাতা কী করবে? বেঙ্গালুরুতে পথে মিটিং মিছিল নিষিদ্ধ করল হাইকোর্ট
মেট্রো কর্তৃপক্ষ আইআইএইচএমকে পার্কস্ট্রিট মেট্রো স্টেশনে ১৫০০ বর্গফুট জায়গা দিয়েছে। এবং স্টেশনের নামের পাশে ওই প্রতিষ্ঠান নিজেদের নাম ও লোগো ব্যবহার করতে পারবে।

মেট্রো রেলওয়ের জনসংযোগ আধিকারিক রূপায়ণ মিত্র সংবাদ মাধ্যমকে জানান, এটা ভারতীয় রেলের ভাড়া বহির্ভূত রাজস্ব বাড়ানোর একটি উদ্যোগ। আগামীতে যে সংস্থাগুলি মেট্রোর কো-ব্র্যান্ডিংয়ের অংশ হয়ে উঠবে, সেগুলি হল, টাটা স্টিল, বন্ধন ব্যাঙ্ক, জীবনবীমা কর্পোরেশন, জেএস ডব্লিউ গ্রুপ এবং অঞ্জলি জুয়েলার্স।
উল্লেখ্য, এতদিন রেলের মূল আয় ছিল পণ্য পরিবহণ এবং যাত্রীভাড়া। কয়েক বছর রেল প্ল্যাটফর্মে দোকান, স্টল-সহ বিভিন্নভাবে আয় বাড়ানোর পরিকল্পনা নিয়েছে। রেলের সঙ্গে যুক্ত হচ্ছে বহু বেসরকারি সংস্থা। সম্প্রতি শিয়ালদা স্টেশনে বহু দোকান তৈরি হয়েছে। রয়েছে খাবার, গয়না, জামাকাপড়ের দোকান।