দ্য ওয়াল ব্যুরোঃ আকাশজুড়ে তারাদের মিছিল। চাঁদকে মাঝে রেখে একের পর এক উজ্জ্বল আলোর বিন্দু এগিয়ে চলেছে আরও আরও দূরে। কী ভাবছেন? এমন আবার হয় নাকি!
হয়। আর এমনটাই হতে চলেছে রবিবার রাতে। চাইলে আপনিও দেখতে পাবেন আকাশ জুড়ে তারাদের সেই মিছিল। রবিবারের রাতটা নক্ষত্র পরিদর্শকদের জন্য হতে চলেছে একেবারে সোনায় সোহাগা।
শীতের রাতে এমনিতেই আকাশে তারাদের ছড়াছড়ি থাকে। মেঘ না থাকলে চাঁদ যেন আরও কয়েকগুণ উজ্জ্বল হয়ে ওঠে। সেই আলোয় ভরা আকাশে রোজ নতুন নতুন রূপে ধরা দেয় তারারা। আগামী রবিবার রাতে তাদের একটা মিছিল দেখা যাবে আকাশের কোণে, তেমনটাই জানাচ্ছেন মহাকাশ গবেষকরা।
৬ থেকে ১০ ডিসেম্বর আকাশে তিনটি গ্রহ দেখা যাবে একসঙ্গে, ১২ ডিসেম্বর দেখা যাবে একসঙ্গে পাঁচটি। আধফালি চাঁদের আলোয় আকাশের এক কোণে রবিবার তৈরি হতে চলেছে মোহময় এক পরিবেশের। ঠিক কী হবে রবিবার? মহাকশ বিজ্ঞানীরা বলছেন, সেদিন রাতে আকাশে একই সরলরেখায় আসবে চাঁদ, বৃহস্পতি, শনি এবং শুক্র গ্রহ। খালি চোখেই পৃথিবী থেকে দেখা যাবে তাদের। শুধু তারাই নয়, এদের সঙ্গে লাইন দেবে নেপচুন আর ইউরেনাসও।
https://twitter.com/latestinspace/status/1468687433336295436?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1468687433336295436%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.firstpost.com%2Ftech%2Fnews-analysis%2Fparade-of-planets-to-be-visible-in-the-night-sky-on-12-december-all-you-need-to-know-about-this-celestial-event-10200591.html
রবিবার সূর্যাস্তের কিছু পরে এই তারাদের মিছিল দেখা যাবে সবচেয়ে ভালভাবে। খালি চোখেই দেখতে পাওয়া যাবে বৃহস্পতি, শুক্র আর শনিকে। সঙ্গে যদি টেলিস্কোপ থাকে, তবে দেখা মিলবে নেপচুন, ইউরেনাসেরও। তারাও উপস্থিত থাকবে এই মিছিলে। এমনকি বামন গ্রহ সেরেস আর পাল্লাস নামের অ্যাস্টেরয়েডটিকেও দেখা যাবে একটু খেয়াল করলেই। তবে একটাই শর্ত, তারাদের এই মিছিল দেখতে হলে চাই মেঘমুক্ত আকাশ। আকাশে মেঘ থাকলে একেবারেই কিছু দেখা যাবে না।
আকাশে গ্রহদের এই মিছিল সচরাচর দেখা যায় না। গতবছর ১৯ জুলাই এমন পাঁচটি গ্রহকে একসঙ্গে দেখা গিয়েছিল। সে সময় মিছিলে অংশ নিয়েছিল বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি আর শনি।