
তৃণমূল প্রধানের বাড়িতে হামলা পান্ডুয়ায়-নিজস্ব চিত্র
শেষ আপডেট: 11 June 2024 15:15
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: পান্ডুয়ায় হামলা হল তৃণমূল প্রধানের বাড়িতে। অভিযোগ,অঞ্চলের তৃণমূল যুব সভাপতির বাড়িতেও চড়াও হয় দুষ্কৃতীরা। ভাঙচুর করা হয় তৃণমূল কার্যালয়। একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় তেতে রয়েছে পান্ডুয়ার হরাল দাসপুর এলাকা।
লোকসভা ভোটে বড় ব্যবধানে জয়ী হয়েছেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। তিনটি বিধানসভায় হারলেও চারটি বিধানসভা থেকে প্রচুর ভোট পেয়ে জয়ী হন তিনি। পান্ডুয়া বিধানসভাতেও ২৫,৭৮৬ ভোটে জয়ী হন রচনা। এবার লোকসভা ভোটে যেখানে যেখানে হার হয়েছে, এমন অনেক এলাকাতেই প্রবল হয়েছে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। কিন্তু জিতে যাওয়া পান্ডুয়াতেও শাসকদলের দ্বন্দ্ব দলের মাথা ব্যথার কারণ হল।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার পান্ডুয়ার হরাল দাসপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান করুণা ক্ষেত্রপালের বাড়িতে চড়াও হয় বেশ কিছু দুষ্কৃতী। পদ থেকে সরে দাঁড়ানোর জন্য প্রধানের উপর চাপ সৃষ্টি করে। বাড়িতে ভাঙচুরও চালায়। একইসঙ্গে হামলা হয় প্রধানের ঘনিষ্ঠ ওই অঞ্চলের তৃণমূল যুব সভাপতি আসিফ মল্লিকের বাড়িতেও। অভিযোগ, বাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি আসিফের বাবা আব্দুল আজিম মল্লিক ও তাঁদের প্রতিবেশী মাজিদ হালদারকে বেধড়ক মারধর করা হয়। দুজনেই চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি। আসিফের অভিযোগের ভিত্তিতে সেখ রুস্তম নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
প্রধান করুণা ক্ষেত্রপালের অভিযোগ, তৃণমূলের অঞ্চল সভাপতি রাজা সরকারের লোকজনই হামলা চালিয়েছে। তিনি বলেন, "আমাকে প্রধানের পথ থেকে সরে যেতে বলা হচ্ছে। না হলে বলেছে সবাইকে মেরে ফেলবে। জানতাম না এই দল করলে এমন পরিস্থিতির শিকার হতে হবে। ওরা পঞ্চায়েত দখল করতে চাইছে কারণ আমি সৎভাবে পঞ্চায়েত চালাচ্ছি। ওরা তাই কিছু করতে পারছে না।"
প্রধানের বিরুদ্ধ গোষ্ঠীর লোকজন কিছু বলতে না চাইলেও পান্ডুয়া ব্লক তৃণমূলের প্রাক্তন সভাপতি সঞ্জয় ঘোষ বলেন, "সবাই তৃণমূলের লোক। কী হয়েছে বিষয়টা দেখব।কেউ যদি দোষ করে থাকে প্রশাসনকে বলব আইন অনুযায়ী ব্যবস্থা নিতে। দল কখনও বলে দেয়নি মারদাঙ্গা করতে।"
বিজেপির হুগলি সাংগঠনিক জেলা সভাপতি তুষার মজুমদার বলেন, "এলাকা দখলের লড়াই। কে তোলাবাজির বরাত পাবে তার লড়াই। তাই নিজেদের অফিস ভাঙছে, নিজেদের মধ্যে মারামারি করছে। এরা মানুষের জন্য লড়াই করে না। এটা হওয়ারই ছিল।"