
শেষ আপডেট: 14 April 2023 12:19
দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসের (Covid) চেয়েও বড় মহামারী (Pandemic) আসতে পারে আগামী ১০ বছরের মধ্যেই, এমনটাই দাবি ব্রিটিশ বিজ্ঞানীদের। গবেষকরা বলছেন, করোনার আগে সার্স, মার্স, মারবার্গ ভাইরাসের সংক্রমণ মারাত্মক হয়ে দেখা দিয়েছিল। সেইসব ভাইরাস ফের তাদের চরিত্র বদলে ফিরে আসতে পারে। জেনেটিক মিউটেশন বা জিনগত বদল হতে পারে ভাইরাসে। আবারও অতি মহামারী ছড়িয়ে পড়তে পারে বিশ্বজুড়ে।
বিজ্ঞানীরা বলছেন, পশুপাখিদের শরীর থেকেও ভাইরাস (Zoonotic Virus) ছড়াচ্ছে। মানুষের খাদ্যাভ্যাসই এর জন্য দায়ী। হতে পারে কোনও নতুন ভাইরাস সেই রোগ ছড়াবে, অথবা চেনা ভাইরাসই তার রূপ বদলে সংক্রামক হয়ে উঠবে। কিন্তু সে কোন ভাইরাস বা কেমন হতে পারে সেই অজানা রোগ, এ ব্যাপারে এখনও অবধি কিছুই বলতে পারেননি বিজ্ঞানীরা। অপরিচিত সেই ভাইরাস কতটা সংক্রামক তাও অজানা।
১৯৭৬ সালে প্রথম ইবোলা ভাইরাস চিহ্নিত করেছিলেন যে বিজ্ঞানী সেই জিন-জ্যাকাস মুয়েম্বি এই ডিজিজ-এক্সের কথা সামনে এনেছেন। বিজ্ঞানী বলেছেন, করোনার থেকেও মারাত্মক সংক্রামক ভাইরাল স্ট্রেন আসতে পারে। এই ধরনের ভাইরাস ছড়িয়ে পড়লে আরও এক মহামারীর মুখোমুখি হতে হবে বিশ্বকে।
২০১৮ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) ৯ রকম ভাইরাসজনিত রোগের কথা উল্লেখ করেছিল। হু-র চিহ্নিত করা সংক্রামক রোগের তালিকায় বলা হয়েছিল, পশুদের থেকে যে সমস্ত ভাইরাসনিত রোগের সংক্রমণ হয়েছে যেমন ইনফ্লুয়েঞ্জা, রেবিস, ব্রুসেলোসিস, লাইম ডিজিজ ইত্যাদি, তেমনই কোনও ভাইরাস ফের তার জিনের গঠন বদলে ফিরে আসতে পারে। নগরসভ্যতার অতিরিক্ত বাড়াবাড়ি, গাছপালা কেটে, বনজঙ্গল সাফ করার ফলে বন্য প্রাণিরা অনেক বেশি মানুষের কাছাকাছি এসে পড়ছে। তাছাড়া নানা রকম প্রাণির মাংস খাওয়ার অভ্যাসও মানুষকে বিপর্যের মুখে ঠেলে দিচ্ছে। বন্য প্রাণির শরীর থেকে সংক্রামক ভাইরাস মানুষের শরীরে ঢুকছে। এইসব ভাইরাস মানুষের শরীরকে আশ্রয় করে জিনের গঠন বদলে দ্রুত ছড়িয়ে পড়ছে।
বিশ্বে প্রথম ম্যালেরিয়ার ভ্যাকসিনে সাফল্য পেল অক্সফোর্ড, ভারতেও তৈরি করছে সেরাম
২০১৮ সাল থেকে আজ অবধি হু-র রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ব্লু-প্রিন্টে ৯ রকম সংক্রামক রোগের তালিকা আছে, যথা-- কোভিড-১৯, কঙ্গো হেমোরজিক ফিভার, ইবোলা ভাইরাস, মারবার্গ ভাইরাস, লাসা জ্বর, মিডল-ইস্ট রেসপিরেটারি সিন্ড্রোম তথা মার্স, সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটারি সিন্ড্রোম তথা সার্স, নিপা ও হেনিপাভাইরাল ডিজিজ, রিফ্ট ভ্যালি ডিজিজ, জিকা ভাইরাস। বিজ্ঞানীরা বলছেন, হতেই পারে তেমনই কোনও ভাইরাস ফের রূপ বদলে ফিরে এসে মহামারীর চেহারা নিয়েছে।