দ্য ওয়াল ব্যুরো : বিজেপি শাসিত কর্নাটকের বেলগাঁও জেলায় ঢুকতে চেয়েছিলেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। অভিযোগ, সরকার তাঁকে ঢুকতে দেয়নি। তা নিয়ে প্রতিবাদে সরব হলেন শিবসেনা নেতা। তাঁর বক্তব্য, "পাকিস্তানি, বাংলাদেশি ও রোহিঙ্গারা ভারতে ঢুকতে পারে কিন্তু মহারাষ্ট্র থেকে কেউ বেলগাঁওতে যেতে পারে না। এটা ঠিক নয়।" পরে তিনি বলেন, "আমার বেলগাঁওয়ে যাওয়া কারও পছন্দ নাও হতে পারে। কিন্তু তা বলে এমন কড়াকড়ি করা যায় না।"
সঞ্জয় রাউতের দাবি, বেলগাঁওতে এক সাহিত্য ও সংস্কৃতির উৎসবে তাঁর যাওয়ার কথা ছিল। তাঁর কথায়, "আমি ওই উৎসবে গিয়ে কয়েকজনের সঙ্গে কথা বলতাম। কিন্তু যদি যেতেই না দেয়, কী আর করা যাবে?"
এর আগে অভিযোগ ওঠে, শুক্রবার মহারাষ্ট্রের মন্ত্রী রাজেন্দ্র পাতিল ইয়েদরাভকরকে কর্নাটকের বেলগাভি জেলায় ঢুকতে দেওয়া হয়নি। তাঁকে শারীরিক নিগ্রহ করার অভিযোগও উঠেছে। আটের দশকে ভাষা দাঙ্গায় সেখানে এক ব্যক্তি মারা যান। তাঁর স্মরণে এক সভায় রাজেন্দ্র পাতিল সভা করতে গিয়েছিলেন।