মাসুদকে বাঁচাতে কি দাউদকে ফেরত দিতে চলেছে পাকিস্তান?
দ্য ওয়াল ব্যুরো : পুলওয়ামায় জঙ্গি হামলার পরে আন্তর্জাতিক মহলের ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে পাকিস্তানের ওপরে। চাপের মুখে কয়েকজন জঙ্গি নেতাকে আটক করেছে পাকিস্তান। কিন্তু ভারত তথা আন্তর্জাতিক মহলের মতে, এই পদক্ষেপ লোকদেখানো। পাকিস্তানকে প্রমাণ করত
শেষ আপডেট: 16 March 2019 10:38
দ্য ওয়াল ব্যুরো : পুলওয়ামায় জঙ্গি হামলার পরে আন্তর্জাতিক মহলের ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে পাকিস্তানের ওপরে। চাপের মুখে কয়েকজন জঙ্গি নেতাকে আটক করেছে পাকিস্তান। কিন্তু ভারত তথা আন্তর্জাতিক মহলের মতে, এই পদক্ষেপ লোকদেখানো। পাকিস্তানকে প্রমাণ করতে হবে, জঙ্গি দমনের ব্যাপারে সত্যিই তারা সিরিয়াস। ভারত চায়, পুলওয়ামা হামলার মূল পাণ্ডা মৌলানা মাসুদ আজহারকে তার হাতে তুলে দিক পাকিস্তান। মাসুদকে বাঁচানোর জন্য পাকিস্তান অপর দু’-একজন দুষ্কৃতীকে ভারতের হাতে তুলে দিয়ে পারে বলে জানা যাচ্ছে। শনিবার একটি সূত্রে জানা গিয়েছে, মুম্বই বিস্ফোরণের মূল চক্রী দাউদ ইব্রাহিম অথবা হিজবুল মুজাহিদিনের প্রধান সৈয়দ সালাহুদ্দিনকে ভারতের হাতে তুলে দেওয়া হতে পারে।
ভারতের গোয়েন্দারা জানতে পেরেছেন, পাকিস্তানে ইতিমধ্যে জামাত উদ দাওয়া এবং ফালাহ ই ইনসানিয়ৎ, এই দু’টি সংগঠনের নাম বদলে ফেলা হয়েছে। নতুন নামের সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে তাদের অফিসের বাইরে। ওই দু’টি সংগঠনই জঙ্গি লস্কর ই তৈবার সঙ্গে যুক্ত। শুধু নাম বদল করেই রেহাই পেয়ে যাচ্ছে তারা। পাকিস্তানের দাবি, ৫ মার্চ থেকে নাকি সেদেশে জঙ্গিদের বিরুদ্ধে জোরদার অভিযান চলছে। সেকথা আদৌ বিশ্বাস করছে না ভারত। আন্তর্জাতিক মহলও ভারতের সঙ্গেই সুর মিলিয়েছে।
এই পরিস্থিতিতে দাউদ অথবা সালাহুদ্দিন, কোনও একজনকে ইতিমধ্যেই আটক করেছে পাকিস্তান। কাকে আটক করেছে নির্দিষ্টভাবে জানা যাচ্ছে না। ১৯৯৩ সালে মুম্বই বিস্ফোরণে ২৫৭ জন নিহত হয়। আহত হয় আরও অনেকে। ওই ঘটনার পরে দাউদ পালায় পাকিস্তানে। এখন সে পাকিস্তানের বন্দর শহর করাচির আশপাশে থাকে বলে জানা যায়। তাকে ইতিমধ্যেই আন্তর্জাতিক সন্ত্রাসবাদী বলে ঘোষণা করা হয়েছে। সৈয়দ সালাহুদ্দিন থাকেন পাকিস্তান অধিকৃত কাশ্মীরে। রাওয়ালপিন্ডিতেও তাঁরা আস্তানা আছে। তাঁকেও আন্তর্জাতিক সন্ত্রাসবাদী বলে ঘোষণা করেছে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ।
পাকিস্তান আন্তর্জাতিক চাপ কমানোর জন্য ভারত বাদে অপর একটি দেশের সঙ্গে যোগাযোগ রাখছে বলে জানা যায়। সেই দেশের প্রতিনিধিদের পাকিস্তানে আমন্ত্রণ করা হবে। তাঁরা ঘুরে দেখবেন, সেদেশে সত্যিই জঙ্গি শিবির আছে কিনা। তাঁরা যা রিপোর্ট দেবেন তা তুলে দেওয়া হবে ভারতের হাতে।
এর মধ্যে ভারতও চেষ্টা চালিয়ে যাবে যাতে মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী বলে ব্ল্যাক লিস্টেড করা যায়। কিছুদিন আগে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসাবে চিন যেভাবে মাসুদকে রক্ষা করেছে, তাতে অসন্তোষ জানিয়েছে ভারত। দিল্লি থেকে বলা হয়েছে, আমরা হাল ছাড়ছি না। মাসুদ যাতে শাস্তি পায়, সেজন্য লড়াই চালিয়ে যাব।