ক্যানসারের চতুর্থ স্টেজ, দু'বছরের কন্যাসন্তানকে হারালেন পাক ক্রিকেটার আসিফ আলি
দ্য ওয়াল ব্যুরো: মাত্র দু'বছরের মেয়েকে হারালেন পাক ক্রিকেটার আসিফ আলি। ক্যানসারের শেষ ধাপে লড়াই করছিল ছোট্ট মেয়েটি। শেষমেশ সোমবার আমেরিকার একটি হাসপাতালে জীবন ফুরোল তার। আসিফের দু'বছরের কন্যা নুর ফতিমার মৃত্যুতে শোকাহত কোচ-সহ গোটা পাক ক্
শেষ আপডেট: 21 May 2019 07:10
দ্য ওয়াল ব্যুরো: মাত্র দু'বছরের মেয়েকে হারালেন পাক ক্রিকেটার আসিফ আলি। ক্যানসারের শেষ ধাপে লড়াই করছিল ছোট্ট মেয়েটি। শেষমেশ সোমবার আমেরিকার একটি হাসপাতালে জীবন ফুরোল তার। আসিফের দু'বছরের কন্যা নুর ফতিমার মৃত্যুতে শোকাহত কোচ-সহ গোটা পাক ক্রিকেট দল।
আসিফ এই মুহূর্তে ইংল্যান্ডে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলছিলেন। সেখান থেকেই ফিরে সোজা পরিবারের সঙ্গে যোগ দেবেন তিনি। পাকিস্তান সুপার লিগে আসিফের দল ইসলামাবাদ ইউনাইটেডের তরফে এই খবর জানানো হয়েছে। তারা টুইট করে জানায়, ‘‘ইসলু পরিবার আসিফ আলির কন্যার মৃত্যুতে গভীর ভাবে শোকাহত। আমাদের প্রার্থনা তাঁর পরিবারের সঙ্গে রয়েছে। সাহস ও সক্ষমতার উদাহরণ আসিফ। আমাদের জন্য প্রেরণা।''
দেখুন সেই টুইট।
https://twitter.com/IsbUnited/status/1130233300721782785
রবিবার দুঃসংবাদ আসার ঠিক আগে, দলের হয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতেও নেমেছিলেন আসিফ আলি। ২২ রানও করেন তিনি। যদিও পাকিস্তান পাঁচ ম্যাচের ওই সিরিজ ৪-০ তে হেরে গিয়েছে রবিবার। প্রথম ম্যাচ বৃষ্টির জন্য খেলা হয়নি। আসিফ এই সিরিজের বাকি সব ম্যাচেই খেলেছেন। দুটো হাফ সেঞ্চুরিও করেছেন। কেরিয়ারের সেরা রান ৫২ এসেছে তাঁর ব্যাট থেকে তৃতীয় এক-দিনের ম্যাচে ব্রিস্টলে। ১৬টি এক-দিনের ম্যাচে আলি ৩১.০৬ গড় নিয়ে করেছেন ৩৪২ রান।
বিশ্বকাপের জন্য পাকিস্তানের প্রাথমিক ১৫ জনের দলে রাখা হয়নি তাঁকে। ৩০ মে থেকে ইংল্যান্ডে শুরু হবে এ বারের বিশ্বকাপ। কিন্তু বিশ্বকাপের আগের প্রস্তুতি টুর্নামেন্টে তাঁকে রাখা হয়েছিল। ২৩ মে পর্যন্ত বিশ্বকাপ দলে পরিবর্তন আনতে পারবে দলগুলি। সেই পরিবর্তনে আসিফ আলির এখনও বিশ্বকাপ দলে ঢুকে পড়ার সম্ভাবনা রয়েছে।
ইংল্যান্ডের উদ্দেশে উড়ে যাওয়ার আগে ২৭ বছরের আসিফ টুইট করে জানিয়েছিলেন তাঁর মেয়ের অসুস্থার কথা। সেখানে তিনি লিখেছিলেন, ‘‘আমার মেয়ে স্টেজ ফোর ক্যান্সারে আক্রান্ত। চিকিৎসার জন্য ওকে আমরা আমেরিকা নিয়ে যাচ্ছি।''
দেখুন টুইট।
https://twitter.com/AasifAli2018/status/1120308447663271936
এক ঘণ্টার মধ্যে তাঁর মেয়ের ভিসার ব্যবস্থা করে দেওয়ার জন্য আমেরিকার প্রশাসনকে ধন্যবাদও জানিয়েছিলেন আসিফ।
কিছু দিন আগে, চতুর্থ পাক সুপার লিগ মরসুমের সময়ই মেয়ের অসুস্থতার কথা জানতে পারেন আলি। গোটা দলে শোক নেমে এসেছিল তখনই। সেই খবর শুনে ইসলামাবাদ ইউনাইটেডের কোচ, অস্ট্রেলিয়ার প্রাক্তন ব্যাটসম্যান ডিন জোনসও কান্নায় ভেঙে পড়েছিলেন। ছোট্ট মেয়ের মৃত্য়ুর খবর আসার পরে শোকাহত তাঁরা সকলেই।