দ্য ওয়াল ব্যুরো : ভোটের প্রথম দফা ফল বেরতেই জানা গেল, বেশ খানিকটা এগিয়ে আছেন তেহরিক ই ইনসাফ পার্টির ইমরান খান। তার পরেই অভিযোগ উঠল, সেনাবাহিনীর সহায়তায় ব্যাপক রিগিং করেছে ইমরানের দল।
এর মধ্যে বৃহস্পতিবার সকালেই পাকিস্তানের নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, ভোটের ফল যথাসময়ে বেরবে না। যান্ত্রিক ত্রুটির জন্য দেরি হবে। অনেকে সন্দেহ করছেন, ভোটে বড় কোনও অনিয়ম হয়েছে। তাই ফল বেরতে দেরি।
পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ)-এর নেতা শাহবাজ শরিফ অভিযোগ করেছেন, সেনাবাহিনীর লোকেরা প্রতিটি ভোটকেন্দ্রের আশপাশ থেকে ইমরানের বিরোধী পক্ষের সমর্থকদের তাড়িয়ে দিয়েছিল।
তাঁর কথায়, ব্যাপক রিগিং হয়েছে। মানুষের রায়কে অসম্মান করা হয়েছে। আমরা ভোটের ফল মানছি না। পাকিস্তানের গণতন্ত্র আক্রান্ত। অন্যদিকে জয় হবে ধরে নিয়ে রাস্তায় নেমে উৎসব করার প্রস্তুতি নিচ্ছে ইমরানের সমর্থকরা।