
শেষ আপডেট: 12 February 2023 07:46
দ্য ওয়াল ব্যুরো: ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ কোরান (Quran) নিয়ে কুমন্তব্যের জের। উত্তেজিত জনতার হাত থেকে বাঁচাতে থানায় এনে রাখা হয়েছিল অভিযুক্তকে। সেখান থেকে তাকে বের করে এনে পিটিয়ে মারল উন্মত্ত মানুষজন (Pak man Killed By Mob)।
ঘটনাটি ঘটেছে গত শনিবার পাকিস্তানের নানকানা সাহিব এলাকায়। ধর্মানুভূতিতে আঘাতের (Blasphemy) দায়ে অভিযুক্ত ব্যক্তির নাম মহম্মদ ওয়ারিশ। ২১ বছর বয়সি ওই যুবকের বিরুদ্ধে পবিত্র কোরান অবমাননার অভিযোগ উঠেছিল। উত্তেজিত জনতার হাত থেকে ওয়ারিশকে বাঁচাতে পুলিশ তাকে নিজেদের হেফাজতে এনে রাখে। কিন্তু শেষ পর্যন্ত সেখানে এনেও তাকে বাঁচানো গেল না।
পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, উন্মত্ত জনতা থানার ভিতরে ঢুকে এসে ওয়ারিশকে বের করে নিয়ে আসে। তারপর থানার চত্বরেই তাকে পিটিয়ে মেরে দেহটিতে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে।
যেহেতু থানায় হাতেগোনা কয়েকজন আধিকারিক উপস্থিত ছিলেন, তাই তাঁদের পক্ষে ওয়ারিশকে পিটিয়ে মারার ঘটনা আটকানো সম্ভব হয়নি। তবে শেষ পর্যন্ত দেহটি পুড়িয়ে দেওয়ার চেষ্টা আটকানো গিয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, ওয়ারিশকে পা ধরে টানতে টানতে রাস্তায় এনে ফেলেছে ক্ষিপ্ত মানুষজন। লাঠি এবং রড দিয়ে মারতে মারতে তার জামাকাপড় ছিঁড়ে দিতেও দেখা যাচ্ছে মারমুখী জনতাকে। পুলিশের তরফ থেকেও ভিডিওটির সত্যতা স্বীকার করা হয়েছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যায়নি।
গ্রুপ ডি-র শূন্যপদে নিয়োগ শিগগির! বাতিলদের জায়গায় কারা? তালিকা প্রকাশ করল কমিশন