.jpeg)
মমতা বন্দ্যোপাধ্যায়।
শেষ আপডেট: 23 April 2025 19:34
দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীরে জঙ্গি হামলায় (kashmir, Pahalgam) নিহত বাংলার তিন পর্যটকের দেহ আকাশপথে এদিনই রাজ্যে নিয়ে আসা হচ্ছে বলে জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে কাশ্মীরের ঘটনায় সেনাবাহিনীর ভূমিকা নিয়েও বড় প্রশ্ন তুলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, "সন্ত্রাসবাদীদের কোনও জাত হয় না, এদের ক্ষমা করা যায় না। কিন্তু আমি ভেবে পাচ্ছি না, এতক্ষণ সময় লেগেছে, বেছে বেছে ওরা হত্যা করেছে। ওখানে তো অনেক আর্মি ছিল, সীমান্ত এলাকা তো এমনিতেই সেনসেটিভ...!"
মঙ্গলবার পহেলগামের জনপ্রিয় ‘ম্যাগি পয়েন্ট’ বা ‘মিনি সুইজারল্যান্ড’ এর বৈসরন ঘাসের মাঠ (baisaran valley attack) লাগোয়া এলাকায় পর্যটকদের ওপরে হামলা চালায় জঙ্গিরা। হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৬ জন।
স্থানীয় সূত্রের খবর, প্রায় ৪০ মিনিট ধরে জঙ্গিরা এই তাণ্ডবলীলা চালায়। রীতিমতো পরিচয় জেনে তারপরে হত্যা করা হয় পর্যটকদের। 'অপারেশনে'র পর ধীরে সুস্থে এলাকা ছাড়ে জঙ্গিরা। স্বভাবতই, এতক্ষণ ধরে জঙ্গিরা তাণ্ডব চালালেও সেনা কেন সেখানে সঙ্গে সঙ্গে পৌঁছতে পারল না, তা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন তোলা হচ্ছিল। এবার প্রকারান্তরে সেই প্রশ্ন তুলে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী।
এলাকাটি পাক সীমান্ত ঘেঁষা। স্বভাবতই, সেখানে কেন নিরাপত্তা আরও আঁটোসাঁটো ছিল না, সেই প্রশ্নও তুলেছেন বাংলার মুখ্যমন্ত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "তবে এসব নিয়ে এখন কিছু বলব না, আমরা চাই , যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা করা হোক। জঙ্গি কার্যকলাপকে বরদাস্ত করার প্রশ্নই ওঠে না। মন্ত্রিসভার বৈঠকেও আমরা এখানে সিদ্ধান্ত নিয়েছি।"
কাশ্মীরে জঙ্গি হামলায় রাজ্যের তিনজন পর্যটকের মৃত্যু হয়েছে। এরা হলেন বেহালার সখের বাজারের সমীর গুহ, বৈষ্ণবঘাটার বিতান অধিকারী এবং পুরুলিয়ার মণীশরঞ্জন মিশ্র। মুখ্যমন্ত্রী জানান, আকাশপথে তিনজনের দেহ রাজ্যে আনা হচ্ছে। এদের মধ্যে নিহত মণীশরঞ্জনের দেহ রাঁচি হয়ে পুরুলিয়ায় পৌঁছবে। বাকি দু'জনের দেহ সন্ধে সাড়ে আটটার মধ্যে আকাশপথে কলকাতায় পৌঁছে যাবে। মুখ্যমন্ত্রী জানান, নিহত পর্যটকদের সৎকারে সব ধরনের ব্যবস্থা করছে রাজ্য। বাকি পর্যটকদের ফিরিয়ে আনার বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে।
গত সোমবার থেকে হাসপাতালে ভর্তি রাজ্যপাল। প্রথমে কমান্ডো হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। পরে কাঁধের চোট বেড়ে যাওয়ায় রাজ্যপালকে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিন সেখানে রাজ্যপালকে দেখতে যান মুখ্যমন্ত্রী। রাজ্যপালের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।
সংশ্লিষ্ট হাসপাতালে ভর্তি রয়েছেন তৃণমূল নেতা মুকুল রায়। তাঁর সঙ্গেও দেখা করেছেন মুখ্যমন্ত্রী।