দ্য ওয়াল ব্যুরো : গত ২৭ এপ্রিল পাঁচ মিনিটের জন্য রোগীদের অক্সিজেন দেওয়া বন্ধ রাখে আগ্রার এক প্রাইভেট হাসপাতাল। তারা এর নাম দিয়েছিল 'মক ড্রিল'। হাসপাতালের মালিক দেখতে চেয়েছিলেন, অক্সিজেন দেওয়া বন্ধ করলে কোন কোন রোগীর মৃত্যুর সম্ভাবনা দেখা যায়। সেই সময় কয়েকটি রাজ্যে অক্সিজেনের ব্যাপক সংকট দেখা দিয়েছিল। ওই সংকটের প্রেক্ষিতেই 'মক ড্রিল' করার সিদ্ধান্ত নেওয়া হয়।
অভিযুক্ত হাসপাতালের নাম পরশ হসপিটাল। তার মালিক অরিঞ্জয় জৈন বলেছেন, "আমাদের বলা হয়েছিল, মুখ্যমন্ত্রী অক্সিজেন যোগাড় করতে পারছেন না। তাই রোগীদের হাসপাতাল থেকে থেকে ছেড়ে দিতে হবে। আমরা তখন রোগীদের আত্মীয়স্বজনকে বোঝালাম। অনেকে বুঝলেন। কেউ কেউ আবার বুঝতে চাইলেন না।" অরিঞ্জয়ের বক্তব্য, এর পরেই মক ড্রিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
তাঁর কথায়, "আমরা তখন স্থির করলাম, মক ড্রিল করা হবে। দেখা হবে, অক্সিজেন বন্ধ করলে কতজনের মৃত্যুর সম্ভাবনা দেখা দেয়। পরে আমরা ২২ জনকে চিহ্নিত করলাম যাঁদের মৃত্যুর সম্ভাবনা দেখা গিয়েছিল। তাঁদের শরীর নীল হয়ে গিয়েছিল।"
আগ্রার জেলাশাসক প্রভু এন সিং বিবৃতি দিয়ে বলেন, "অক্সিজেন সরবরাহ বন্ধ রাখার ফলে সেদিন কেউ মারা যাননি। তবে বিষয়টি নিয়ে তদন্ত হবে।" পরে তিনি বলেন, "অক্সিজেনের সংকট দেখা দেওয়ায় প্রথমে অনেকে আতঙ্কিত হয়ে পড়েছিলেন। তবে ৪৮ ঘণ্টার মধ্যে অক্সিজেনের অভাব দূর হয়। পরশ হাসপাতালে ২৬ ও ২৭ এপ্রিল সাতজন কোভিডে মারা গিয়েছিলেন। গুজব রটেছে, অক্সিজেন বন্ধ করার ফলে ২২ জন মারা গিয়েছেন। একথা বিশ্বাসযোগ্য নয়।"
বর্তমানে দেশ জুড়েই স্তিমিত হচ্ছে করোনার ঢেউ। সেই সঙ্গে কমছে অক্সিজেনের সংকট। সোমবার ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৭ হাজার ৩৪৫ জন। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন, কেন্দ্রীয় সরকার টিকাকরণের পুরো দায়িত্ব নিজের হাতে নিচ্ছে। রাজ্যকে ভ্যাকসিনের মোট ডোজের যে ২৫ শতাংশ দেওয়া হবে বলে স্থির হয়েছিল, তাও এবার কেন্দ্র নিজের কাছেই রাখবে। নতুন ভ্যাকসিন নীতি কার্যকর হবে দু'সপ্তাহের মধ্যে।
মোদী জানান, ওষুধ কোম্পানিগুলি যে ভ্যাকসিন উৎপাদন করবে, তার ৭৫ শতাংশ কিনবে কেন্দ্রীয় সরকার। ২৫ শতাংশ দেওয়া হবে রাজ্যগুলিকে। যাঁরা টাকা দিয়ে ভ্যাকসিন নিতে চান, তাঁরা বেসরকারি হাসপাতালে যেতে পারবেন। সেখানে ডোজ পিছু দাম দিতে হবে দেড়শ টাকা। অর্থাৎ মোট উৎপাদিত ভ্যাকসিনের ৭৫ শতাংশ দেওয়া হবে বিনামূল্যে। বাকি ২৫ শতাংশ কিনতে হবে প্রাইভেট হাসপাতাল থেকে।