
শেষ আপডেট: 24 April 2023 05:34
দ্য ওয়াল ব্যুরো: গৃহযুদ্ধে ছারখার হচ্ছে সুদান (Sudan)। দেশজুড়ে মৃত্যুর হাহাকার। বাতাস ভারী বারুদের গন্ধে। সেনা ও আধাসেনার যুদ্ধে প্রাণ যাচ্ছে সাধারণ মানুষজনের। ভোর হচ্ছে সাইরেনের শব্দে। তারপরেই গোলাবারুদের শব্দ, বিস্ফোরণ আর মৃত্যু। দেশের সরকারি সূত্র বলছে, যুদ্ধে চারশোর বেশি মানুষের মৃত্যু হয়েছে, জখম সাড়ে তিন হাজারের কাছাকাছি। তবে বেসরকারি হিসেবে এই সংখ্যাটা আরও বেশি। প্রাণের ঝুঁকি নিয়েই যুদ্ধবিধ্বস্ত সুদান থেকে নিজেদের নাগরিকদের বাঁচিয়ে উদ্ধার করে আনছে বিভিন্ন দেশ।
ভয়াবহ পরিস্থিতি সুদানে। জল নেই, খাবার নেই। গৃহবন্দি হয়ে কাটাতে হচ্ছে মানুষজনকে। ২০টিরও বেশি শিশু মৃত্যু হয়েছে দেশে। শয়ে শয়ে শিশু আহত। ভর্তি হাসপাতালে। বোমা বিস্ফোরণে ঘরবাড়ি তছনছ হচ্ছে। যুদ্ধবিরতি ঘোষণা হলে আটকে পড়া ভারতীয় ও অন্যান্য় দেশের নাগরিকদের উদ্ধার করে আনা হবে, এমনটাই ঠিক করা হয়েছিল প্রথমে, কিন্তু পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠার গোলাবর্ষণের মাঝেই নিজেদের দেশের নাগরিকদের উদ্ধার করে আনছে ভারত, আমেরিকা, ব্রিটেন, সৌদি আরব সহ একাধিক দেশ।

খার্তুম ও তার আশপাশের বিস্তীর্ণ এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। মৃতের সংখ্যা বেড়েই চলেছে। রক্তাক্ত অবস্থা. হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকে। ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সৌদি আরবের রাজধানী জেদ্দায় দুটি সি-১৩৯জে সামরিক বিমানকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে। ভারতীয় নৌবাহিনীর জাহাজ আইএনএস সুমেধাও সুদান বন্দরে পৌঁছেছে। আকাশ ও জলপথে সুদানে আটকে থাকা ভারতীয়দের উদ্ধার করে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।
ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনকও জানিয়েছেন, সুদানে আটকে থাকা ব্রিটিশ নাগরিকদের উদ্ধার করে আনা হয়েছে। সুনক জানিয়েছেন, সে দেশের ব্রিটিশ দূতাবাসের আধিকারিক ও তাঁদের পরিবারের সদস্যদের উদ্ধার করার কাজ চলছে। ব্রিটিশ সেনার যে আধিকারিকরা সুদানে রয়েছেন তাঁদেরও ফেরানো হচ্ছে।
বিশেষ বিমানে দেশের নাগরিকদের ফিরিয়ে আনছে ফ্রান্স। একশোর বেশিজনকে এখনও অবধি ফেরানো হয়েছে। রক্তাক্ত খার্তুম থেকে দেশের নাগরিকদের ফেরাতে তিনটি চিনুক কপ্টার পাঠিয়েছে আমেরিকা। অন্তত একশো মার্কিন সেনা নিয়োজিত হয়েছে উদ্ধারকাজে।
দেশের প্রথম ‘ওয়াটার মেট্রো’ চালু হচ্ছে কেরলে! ব্যাকওয়াটার দেখতে দেখতেই সফর, জানুন খুঁটিনাটি
সৌদি প্রশাসনের তরফে জানানো হয়েছে, সুদান বন্দর থেকে দেশ-বিদেশের রাষ্ট্রদূত, আধিকারিক সহ ১৫০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করে আনা হয়েছে। এরমধ্য়ে ভারত, বাংলাদেশ সহ একাধিক দেশের নাগরিকরাও ছিলেন।