দ্য ওয়াল ব্যুরো : কিছুদিন আগেই রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছিলেন, ভারত ও পাকিস্তান, দু'টিই পরমাণু শক্তিধর দেশ। তাদের মধ্যে যুদ্ধ বাধলে ব্যাপারটা অনেকদূর গড়াবে। অর্থাৎ তিনি পরোক্ষে ভয় দেখিয়েছিলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে আগামী দিনে পরমাণু যুদ্ধ শুরু হতে পারে। এর পরে মার্কিন সমীক্ষকরা খতিয়ে দেখেছেন, দুই প্রতিবেশী দেশের মধ্যে পরমাণু যুদ্ধ হলে পরিণাম কী হতে পারে।
সমীক্ষকরা জানতে পেরেছেন, ২০১৯ সালে ভারত ও পাকিস্তান, উভয় দেশের কাছেই ১৪০ থেকে ১৫০ টি পরমাণু অস্ত্র আছে। ২০২৫ সালে ওই অস্ত্রের সংখ্যা আরও বাড়বে। তখন দুই দেশের কাছে ২০০ থেকে ২৫০ টি পরমাণু অস্ত্র থাকবে। ভারত ও পাকিস্তানের মধ্যে যদি পরমাণু যুদ্ধ হয়, তাহলে মারা যাবেন ১০ কোটি মানুষ। তারপরে খাদ্যাভাব দেখা দেবে সারা বিশ্বে। বহু লোক অনাহারে মারা যাবে।
সমীক্ষায় বলা হয়েছে, ২০২৫ সাল নাগাদ যদি দুই দেশের মধ্যে পরমাণু যুদ্ধ হয়, তাহলে আকাশে ১ কোটি ৬০ লক্ষ থেকে ৩ কোটি ৬০ লক্ষ টনের মতো দূষণ ছড়িয়ে পড়বে। সেই দূষণে ঢেকে যাবে সারা পৃথিবীর আকাশ। তাতে আটকে যাবে সূর্যের আলো। তাপমাত্রা হু হু করে কমবে। বিজ্ঞানীরা নির্দিষ্ট করে বলেছেন, পরমাণু যুদ্ধ হলে সারা বিশ্বের তাপমাত্রা কমবে দুই থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস।
কলোরাডো বিশ্ববিদ্যালয়ের গবেষক ব্রায়ান টুন বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধ হলে কেবল কোটি কোটি মানুষই মারা যাবেন না, সারা বিশ্বে দেখা যাবে শৈত্যপ্রবাহ। প্রাগৈতিহাসিক যুগে আইস এজে পৃথিবীতে যেমন ঠান্ডা ছিল, ফের তেমন ঠান্ডা হয়ে যাবে আবহাওয়া।