দ্য ওয়াল ব্যুরো : বৃহস্পতিবার কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী কটাক্ষ করে বলেছিলেন, আমাকে দেখলেই এখন বিজেপি নেতারা দুই পা পিছিয়ে যাচ্ছেন পাছে আলিঙ্গন করে ফেলি । শুক্রবার বিজেপির সাংসদ নিশিকান্ত দুবে তার জবাবে বলেছেন, আমরা যদি রাহুলকে আলিঙ্গন করি, আমাদের স্ত্রীরা ডিভোর্স করে দেবে । কারণ ৩৭৭ ধারা তো এখনও বাতিল হয়ে যায়নি ।
সংবিধানের ৩৭৭ ধারায় সমলিঙ্গের মধ্যে যৌন সম্পর্ককে অপরাধ বলে চিহ্নিত করা হয়েছে ।
লোকসভায় অনাস্থা প্রস্তাবের সময় রাহুল ভাষণে মোদীর কঠোর সমালোচনা করেন । তারপরে বলেন, আমি বহু বিষয়ে মোদীর সঙ্গে ভিন্নমত পোষণ করি । কিন্তু তার মানে এই নয় যে তাঁকে ঘৃণা করতে হবে ।
ভাষণ শেষ করে তিনি আচমকা মোদীর আসনের কাছে গিয়ে তাঁকে আলিঙ্গন করেন । রাহুলের দাবি, এর পর থেকেই নাকি বিজেপি নেতারা তাঁকে দেখলে পিছিয়ে যাচ্ছেন । নিশিকান্ত দুবে সেই রসিকতারই জবাব দিয়েছেন ।