
শেষ আপডেট: 2 April 2024 13:06
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: সিসি ক্যামেরার সূত্র ধরে অভিযান চালিয়ে খোয়া যাওয়া প্রায় পনেরো লাখ টাকার সোনার গয়না উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় এক দম্পতিকে গ্রেফতার করা হয়েছে।
হুগলি জেলার পোলবা থানার করলা গ্রামে ওই দম্পতির বাড়িতে অভিযান চালিয়ে দুশো গ্রাম সোনার গয়না ও নব্বই হাজার টাকা উদ্ধার করে পুলিশ। একটি চারচাকা গাড়িও আটক করা হয়। কাটোয়ার এসডিপিও কাশীনাথ মিস্ত্রি সাংবাদিকদের বলেন, "ধৃত অন্নপূর্ণা হালদার এবং রণজিৎ হালদার জেরায় স্বীকার করেছে গত বারো বছর ধরে রাজ্যের বিভিন্ন শহরের জনবহুল মেলাতে গিয়ে সাধারণ মানুষের গয়না ও টাকা চুরি করে গা ঢাকা দিত তারা। চুরিচক্রের পাণ্ডা ধৃত দম্পতিকে পুলিশ কাটোয়া মহকুমা আদালতে পেশ করলে আট দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক।
মার্চ মাসের শেষ সপ্তাহে তিন দিনে কাটোয়া থানার আখড়া-বিষ্ণুপুর, জগদানন্দপুর ও কাটোয়া শহরের গৌরবাড়ির দোল উৎসবে আসা ভক্তদের অনেকের সোনার গয়না ও টাকা চুরি যায়। চুরির অভিযোগ পেয়ে তদন্তে নামে কাটোয়া থানার পুলিশ। সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে প্রত্যেকটি চুরির ক্ষেত্রে একটি চারচাকা গাড়ি থেকে একজন মহিলাকে নামতে-উঠতে দেখেন গোয়েন্দারা। গাড়িটির নম্বর খোঁজ করে পুলিশ জানতে পারে গাড়ির মালিকের বাড়ি হুগলি জেলার পোলবা থানার করলাগ্রামের পশ্চিমপাড়ায়।
এরপরেই কাটোয়া থানার পুলিশ ৩১ মার্চ রবিবার রাতে পোলবা থানার করলাগ্রামে অভিযান চালিয়ে অন্নপূর্ণা হালদার এবং তার স্বামী রণজিৎ হালদারকে আটক করে বাড়িতে তল্লাশি চালায়। অন্নপূর্ণার বাড়ি থেকে দুশো গ্রাম সোনার গয়না ও নব্বই হাজার টাকা উদ্ধার করে। চুরিতে ব্যবহৃত গাড়িটিকেও বাজেয়াপ্ত করে পুলিশ। চুরি যাওয়া গয়নার বাজার মূল্য প্রায় পনেরো লক্ষ টাকা বলে জানান এসডিপিও কাশীনাথ মিস্ত্রি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই চুরিচক্রে আরও অনেকে জড়িত আছে। তাদের খোঁজে ধৃতদের নিয়ে বিভিন্ন জেলায় যাওয়া হবে।