
শেষ আপডেট: 14 February 2023 10:39
দ্য ওয়াল ব্যুরো: বিবিসি’র (BBC) দিল্লি ও মুম্বই অফিসে আয়কর হানার (income tax raids) ঘটনা নিয়ে সরব হল বিরোধীরা (opposition parties)। যদিও আয়কর দফতর থেকে দাবি করা হচ্ছে, এটা হানা নয়, সমীক্ষা। অর্থাৎ কাগজপত্র খতিয়ে দেখার রুটিন কাজ।
যদিও বিরোধীরা তা মানতে নারাজ। তাদের বক্তব্য, গুজরাত দাঙ্গা এবং নরেন্দ্র মোদীকে জড়িয়ে বিবিসি’র তথ্যচিত্র নিয়ে বিপাকে পড়াতেই প্রতিহিংসার পথে হাঁটছে সরকার।
কংগ্রেসের প্রবীণ নেতা জয়রাম রমেশ বিবিসি’র দফতরে আয়কর হানাকে বিনাশ কালে বিপরীত বুদ্ধি বলে অভিহিত করেছেন। তাঁর বক্তব্য, বিরোধীরা যখন আদানির শেয়ার কেলেঙ্কারির ঘটনা নিয়ে সংসদের যৌথ কমিটির তদন্ত দাবি করছে তখন সরকার বিবিসি’র পিছনে দৌড়তে শুরু করেছে।
মুখ খুলেছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। সরকারের নিন্দা করে তিনি বলেছেন, ‘বিবিসি অফিসে অভিযানের কারণ বেশ স্পষ্ট। যারা সত্য কথা বলছে ভারত সরকার নির্লজ্জভাবে তাদের আঘাত করছে। সেটা বিরোধী নেতা, মিডিয়া, কর্মী বা অন্য যে কেউই হোন।’
তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রও নরেন্দ্র মোদী সরকারকে নিশানা করেছেন। সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব বিবিসি অফিসে আয়কর হানাকে মোদী সরকারের জরুরি পদক্ষেপ বলে উপহাস করেছেন। তেলেঙ্গানার পার্টি ভারত রাষ্ট্র সমিতির নেতা সতীশ রেড্ডির কটাক্ষ এটা বিবিসি-কে মোদীর উপহার।
বিবিসি অফিসে আয়কর হানা, কংগ্রেস বলল, ‘বিনাশ কালে বিপরীত বুদ্ধি’।