
মমতা বন্দ্যোপাধ্যায়।
শেষ আপডেট: 7 May 2025 20:10
দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীরের পহেলগামে (Pahalgam, Kashmir) জঙ্গি হামলার জবাবে মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিতে হামলা চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী।
অপারেশন সিঁদুরের পাল্টা হিসেবে ভারতকে যোগ্য জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান (Pakistan)। সীমান্তে বেড়েছে গুলির লড়াই। এমন উত্তেজনার পরিস্থিতিতে রাজ্যের সব দফতরের ছুটি বাতিল করল নবান্ন (Nabanna)। বুধবার নবান্নের সাংবাদিক বৈঠক থেকে একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
মুখ্যমন্ত্রী বলেন, "দেশের বেশ কিছু সীমান্ত রয়েছে এরাজ্যে। যদি কোথাও কখনও সাইরেন বাজে, মক ড্রিল হতে পারে তাই সব পরিস্থিতির জন্য নিজেদের তৈরি রাখতে এখন থেকে সরকারি সব দফতরের ছুটি বাতিল করা হল।"
বস্তুত, পরিবর্তিত পরিস্থিতিতে ধবার দুপুরে দেশের সীমান্তবর্তী রাজ্যের (Chief Minister, border states) মুখ্যমন্ত্রীদের নিয়ে জরুরি বৈঠক (Emergency Meeting) করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। ওই বৈঠকে হাজির ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। এরপরই নবান্নে রাজ্যের সব দফতরের কর্তাদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী। ওই বৈঠক শেষে সাংবাদিক বৈঠক থেকে সব দফতরের ছুটি বাতিলের কথা জানান রাজ্যের প্রশাসনিক প্রধান।
তবে জরুরি ভিত্তিতে ছুটি অনুমোদন করা হবে বলে নবান্ন সূত্রের খবর। প্রসঙ্গত, এদিনই রাজ্যের একাধিক জেলায় মকড্রিল হয়েছে। হঠাৎ যুদ্ধের পরিস্থিতি তৈরি হলে কীভাবে আত্মরক্ষা করা যাবে তা নিয়ে কৌশলগত প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশাসন সূত্রের খবর, সীমান্তের উত্তেজনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই ধরনের মকড্রিল আরও করা হবে।
এদিনের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে জানিয়ে দেন, টেরোরিজমের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব।
এই সময় যেন আমাদের মধ্যে কোন বিভেদ না থাকে। সবাই আমরা দেশের পক্ষে। তাই যারা বিভ্রান্তিমূলক বা প্ররোচনামূলক খবর ছড়াবেন, তাদের বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নেওয়া হবে।
একই সঙ্গে মুখ্যমন্ত্রী এও বলেন, আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। রাজ্যের তরফে পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। যদি তেমন কিছু হয় এবং যদি আগে থেকে জানতে পারি তাহলে মানুষকে আমরা জানাব।
এদিনের বৈঠক থেকে নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে জেলার পুলিশ সুপার এবং জেলাশাসকদেরও একাধিক নির্দেশ দেওয়া হয়েছে।