
শেষ আপডেট: 29 April 2023 05:57
দ্য ওয়াল ব্যুরো: যুদ্ধবিধ্বস্ত সুদান (Sudan) থেকে ভারতীয় নাগরিকদের দেশে ফেরানোর কাজ চলছে লাগাতার। বিদেশ মন্ত্রকের তরফে চালু হয়েছে 'অপারেশন কাবেরী' (Operation Kaveri)। এই অপারেশনে অংশ নিয়েছেন ভারতীয় বায়ুসেনা (Indian Air Force Daring Mission) এবং নৌসেনার দক্ষ জওয়ানরা। একদিকে সুদানের বন্দর থেকে যুদ্ধজাহাজে করে ভারতীয়দের বের করে আনছে (Rescue Indians) নৌবাহিনী। অন্যদিকে বায়ুসেনার তরফে সি-১৩০জে বিমানে করে সুদান থেকে ১২১ জনকে উড়িয়ে এনেছেন বায়ুসেনার পাইলটরা।
গত ২৬ এপ্রিল মধ্যরাতের আকাশপথে এই অপারেশন ছিল সাংঘাতিক। কারণ জানা গেছে, যে এয়ারস্ট্রিপ থেকে তাঁরা টেকঅফ করেছেন, তাতে না ছিল আলো, না ছিল অন্য কোনও পর্যাপ্ত ব্যবস্থা। শুধু তাই নয়, রানওয়ে ভরা ছিল খানাখন্দে। এরই মধ্যে নাইটভিশন চশমা পরে দক্ষ কৌশলে সেই বিমান নিয়ে টেকঅফ করান বায়ুসেনার পাইলটরা। সেই ভিডিও সামনে আসতেই বায়ুসেনাকে কুর্নিশ জানাচ্ছে সকলে।
কী ঘটেছিল ওই রাতে?
জানা গিয়েছে, সুদানের রাজধানী খারতুম থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত ওয়াদী সাইয়িদনা এয়ারস্ট্রিপে পৌঁছয় বায়ুসেনার সি-১৩০জে বিমান। এয়ারস্ট্রিপে না ছিল কোনও আলো, না ছিল জ্বালানি ভরার কোনও ব্যবস্থা। গোটা রানওয়ে এবড়োখেবড়ো। তারই মধ্যে ১২১ জন ভারতীয় অপেক্ষা করছিলেন মুক্তির জন্য। নাইটভিশন চশমার সাহায্যে ওই এয়ারস্ট্রিপে যুদ্ধবিমান অবতরণ করান বায়ুসেনার পাইলটরা। অন্ধকারে অবতরণ ছিল অত্যন্ত ঝুঁকির, একটু এদিক ওদিক হলেই ঘটতে পারত বড় বিপদ। ইনফ্রা রেড সেন্সর ব্যবহার করেন পাইলটরা।
পাইলটরা জানিয়েছেন, সাবধানতার জন্য অবতরণের পরেও বিমানের ইঞ্জিন বন্ধ করা হয়নি। বিমান থেকে ৮ জন গার্ড বেরিয়ে অপেক্ষারত ভারতীয়দের বিমানে উঠতে সাহায্য করেন এবং তাঁদের জিনিসপত্রও বিমানে তুলে দেন। এর পরে অদম্য সাহস এবং দক্ষতার সঙ্গে নিরাপদে বিমানটিকে ফের ওড়ান তাঁরা। সৌদি আরবের জেদ্দায় পৌঁছন সকলে। এই গোটা অপারেশনের জন্য আড়াই ঘণ্টা সময় লাগে।
জানা গেছে, উদ্ধার হওয়া ওই ১২১ ভারতীয়র মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারীও রয়েছেন। এর আগেও ২০২১ সালে তালিবান আফগানিস্তান দখলের সময়ে সেখান থেকে ভারতীয় নাগরিকদের উদ্ধার করতে এই একই ধরনের অপারেশন চালিয়েছিল ভারতীয় বায়ুসেনা। সুদানেও চলছে একের পর এক এই অপারেশন। ২৭ এপ্রিল ওই অপারেশনের পরে সুদান থেকে ১২তম উড়ানে করে আরও ১৩৫ জন ভারতীয়কে সৌদি আরবে নিয়ে আসা হয়েছে।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী জানিয়েছেন. এখনও পর্যন্ত মোট ২৪০০ জন ভারতীয়কে যুদ্ধবিধ্বস্ত সুদান থেকে উদ্ধার করেছে ভারতীয় সেনা। অপারেশন কাবেরী আগামী কয়েক দিন ধরেই চলবে।
দু’দিনে ৯ ছাত্রের আত্মহত্যা অন্ধ্রে, বাংলার জন্যও কেন তা উদ্বেগের