
শেষ আপডেট: 9 January 2024 18:52
দ্য ওয়াল ব্যুরো: কালের নিয়মে এক এক করে অবসর নিচ্ছিলেন শিক্ষক, শিক্ষিকারা। সংখ্যাটা কমতে কমতে একে এসে দাঁড়িয়েছিল। একজন শিক্ষিকাকে নিয়েই হুগলির হরিপালে চলছিল কৃষ্ণপুর বেলেরপাড় শিশু শিক্ষা কেন্দ্র।
গত বছরের ৩১ ডিসেম্বর ওই সবেধন নীলমণি ওই শিক্ষিকাও অবসর নিয়েছেন। তারপর থেকেই বন্ধ পঠনপাঠন। তালা ঝুলছে স্কুলে। আতান্তরে গ্রামের ৮০ জন পড়ুয়া।
অবিলম্বে শিক্ষক, শিক্ষিকা নিয়োগ করে পুনরায় স্কুল চালুর দাবিতে সম্প্রতি বিক্ষোভও দেখিয়েছেন গ্রামবাসীরা। যদিও প্রশাসনের তরফে জানানো হয়েছে, নতুন করে পুনর্নিয়োগ হবে না।
ফলে চরম দুশ্চিন্তায় গ্রামের মানুষ। তাঁদের কথায়, গ্রামের অধিকাংশ বাসিন্দা আর্থিকভাবে দুর্বল। দিন আনি দিন খাইয়ের মতো অবস্থা। ফলে ২ বেলা খাবারের ব্যবস্থা করতেই হিমশিম খেতে হয়। সেখানে বেসরকারি স্কুলে ছেলেমেয়েদের পড়ানোর মতো সামর্থ্য আমাদের নেই। তাই গ্রামেই থাকা সরকারি স্কুলটি পুনরায় চালু করা হলে গ্রামের ছেলে মেয়েরা পড়াশোনার সুযোগ পাবে।
স্থানীয় সূত্রের খবর, ২০০০ সালে বাম আমলে হরিপালের কৃষ্ণপুর গ্রামে চালু হয়েছিল এই শিশু শিক্ষা কেন্দ্রটি। পঠন পাঠন বন্ধের সঙ্গে বন্ধ রয়েছে মিড ডে মিলও।
যদিও সরকারিভাবে জানানো হয়েছে, এই স্কুলে আর পুনর্নিয়োগ হবে না। অর্থাৎ ৩১ ডিসেম্বর স্কুলের একজন শিক্ষিকার অবসরের সঙ্গে সঙ্গেই হরিপালের কৃষ্ণপুর বেলেরপাড় শিশু শিক্ষা কেন্দ্রও পাকাপাকিভাবে বন্ধ হয়ে গেল। তবে ওই স্কুলের পড়ুয়াদের অন্যত্র ভর্তি করার আশ্বাস দিয়েছেন প্রশাসন।