দ্য ওয়াল ব্যুরো: শহরে ফের বেপরোয়া বাসের বলি এক মহিলা। পুলিশ জানিয়েছে মৃতার নাম মানসী ঘোষ। তিনি দক্ষিণ বিধাননগর থানার শান্তিনগরের বাসিন্দা।
জানা গিয়েছে, বেলেঘাটা থানা এলাকার জোড়া মন্দিরের কাছে ক্যারাটে শিখতে যেতেন মানসীর ছেলে। শুক্রবার রাত সাড়ে আটটা নাগাদ ছেলেকে ক্যারাটে ক্লাস থেকে আনতে যান ওই মহিলা। সেই সময় বাসের ধাক্কায় মৃত্যু হয় ওই মহিলার।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রেষারেষি করছিল দু'টি বাস। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস ধাক্কা মারে মানসী দেবীকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। খবর দেওয়া হয় মহিলার পরিবারকেও। মৃতার বাড়ির অভিযোগ, পুলিশি নজরদারির অভাবে নিত্যদিন এমন ঘটনা ঘটছে এই শহরে। আর তার বলি হচ্ছেন সাধারণ মানুষ।
দুর্ঘটনার পরেই পালিয়ে যায় বাসের চালক। ঘাতক বাসের চালককে গ্রেফতার করতে না পারায় দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। পরে অবশ্য পুলিশের আশ্বাসে উঠে যায় বিক্ষোভ।