
মালদহ জেলা আদালতে ধৃত স্কুল শিক্ষক মনোজিৎ বর্মন
শেষ আপডেট: 17 November 2024 14:04
দ্য ওয়াল ব্যুরো: ট্যাবের টাকা জালিয়াতিকান্ডে এবার দিনহাটার প্রাথমিক স্কুলের শিক্ষক মনোজিৎ বর্মনকে (৩০) গ্রেফতার করল মালদহ পুলিশ। কোচবিহারের সিতাই সিংমারী স্টেট প্ল্যান্ট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মনোজিৎ। গত আট বছর ধরে প্রাথমিক স্কুল শিক্ষক হিসেবে কর্মরত তিনি। ধৃতকে রবিবার মালদহ জেলা আদালতে তোলা হলে ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে খবর, মালদহের হবিবপুরের একটি স্কুলের পড়ুয়ার ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে চলে যাওয়ার অভিযোগ উঠেছিল। সেই ঘটনার তদন্তে নেমেই শনিবার রাতে কোচবিহারের দিনহাটা থানার অন্তর্গত মাদার লেনের বাসিন্দা প্রাথমিক শিক্ষক মনোজিতকে গ্রেফতার করে মালদা জেলা পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম।
এদিকে প্রাথমিক তদন্তে মনোজিতের নামে একাধিক অভিযোগ হাতে এসেছে তদন্তকারীদের। জানা গেছে, বিভিন্ন ব্যাংকে ওই শিক্ষকের নামে অন্তত ২০টি অ্যাকাউন্ট রয়েছে।
ট্যাব কেলেঙ্কারিতে ইতিমধ্যে রাজ্যের একাধিক জায়গার পাশাপাশি মালদা জেলার নামও সামনে এসেছে। ট্যাবের টাকা তছরুপের অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে বলে খবর।
শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, শিক্ষা পোর্টাল হ্যাক করে ছাত্রদের জায়গায় নিজের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর জুড়েছে মনোজিৎ। কমপক্ষে আটটি অ্যাকাউন্ট থেকে ট্যাবের টাকা গায়েব করেছে সে।
মালদার ট্যাব কেলেঙ্কারিতে জেলা পুলিশের তরফে পাঁচটি মামলা রুজু করা হয়েছে। তার মধ্যে তিনটির তদন্ত করছে মালদহ জেলা পুলিশ এবং দুটি নিজেদের হাতেই রেখেছে সিআইডি।