দ্য ওয়াল ব্যুরো: ডিসেম্বরের শেষে ২ কোটি মানুষকে টিকা দেওয়া বড় পরিকল্পনা রয়েছে মার্কিন ফার্মা জায়ান্ট ফাইজারের। ইতিমধ্যেই ১০ লাখের টিকাকরণ হয়ে গেছে গত দশ দিনে। নতুন বছরের প্রথম ধাপে ১০ কোটিকে টিকা দেবে ফাইজার। ব্রিটেনেও টিকাকরণ তরতরিয়ে এগোচ্ছে। ওদিকে ফ্রান্স, সিঙ্গাপুর, সুইৎজারল্যান্ড, দুবাই, সৌদি আরবেও টিকাকরণ শুরু হয়ে গেছে। ভারত এখনও হাপিত্যেশ করে টিকার অপেক্ষায়। দেশে টিকাকরণ কবে শুরু হবে সে প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে।
ডিসেম্বরের ১৪ তারিখ থেকে আমেরিকায় টিকা দিতে শুরু করেছে ফাইজার-বায়োএনটেক। প্রথম টিকা নিয়েছেন এক কৃষ্ণাঙ্গী নার্স স্যান্ড্রা লিন্ডসে। শুরুতে ডাক্তার, ক্রিটিকাল-কেয়ার নার্স, স্বাস্থ্যকর্মীদের দিয়ে টিকাকরণ শুরু করেছিল ফাইজার। এরপরে টিকার অগ্রাধিকার পান প্রবীণরা। ৯০ বছরের বেশি বয়সীদেরও টিকা দিয়েছে ফাইজার। এখন আমজনতাকে গণহারে টিকা দেওয়া হচ্ছে আমেরিকায়। হাসপাতাল-নার্সিংহোমগুলিতে লক্ষাধিক টিকার ডোজ পৌঁছে গেছে। একই সঙ্গে প্রত্যন্ত এলাকাগুলিতে টিকার বিতরণ চলছে।
মার্কিন সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)-এর ডিরেক্টর রবার্ট রেডফিল্ড জানিয়েছেন, টিকার বিতরণে নতুন মাইলফলক তৈরি করেছে আমেরিকা। করোনা সংক্রমণের নিরিখে এখনও পয়লা নম্বরেই রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নাম। একসময় সংক্রমণ লাগামছাড়া হয়ে গিয়েছিল। কয়েকটি রাজ্যে এখনও কোভিড পরিস্থিতি চিন্তার কারণ। তবে যেভাবে দ্রুত টিকা দিচ্ছে ফাইজার তাতে সংক্রমণ খুব জলদি নিয়ন্ত্রণে চলে আসবে বলেই মনে করা হচ্ছে। একুশ সালের প্রথম ধাপের মধ্যে ১০ কোটি মানুষের টিকাকরণ হয়ে যাবে। দ্বিতীয় ধাপে আরও ১০ কোটি টিকা পাবেন।
ফাইজারের পাশাপাশি মোডার্নার টিকার বিতরণও শুরু হবে আমেরিকায়। সিডিসি জানাচ্ছে, আগামী সপ্তাহ থেকে টিকা দিতে শুরু করতে পারে মোডার্না। ৬০ লক্ষ টিকার ডোজ তৈরি তৈরি আছে।
ভারতে এখনও কোভিড টিকাকরণ শুরু করেনি কোনও ফার্মাসিউটিক্যাল কোম্পানিই। জরুরি ভিত্তিতে টিকাকরণের প্রস্তাব দিয়েছিল ভারত বায়োটেক ও সেরাম ইনস্টিটিউট। তবে সেই প্রস্তাব খারিজ করে আরও বেশি তথ্য জমা করতে বলে কেন্দ্রীয় ড্রাগ নিয়ামক সংস্থা। গত ১০ ডিসেম্বর তিন পর্যায়ের ট্রায়ালের সেফটি রিপোর্ট ফের জমা করে সেরাম। জানা গেছে, এই রিপোর্ট খতিয়ে দেখে টিকাকরণে সায় দিয়েছে ড্রাগ কন্ট্রোল। সব ঠিক থাকলে আগামী সপ্তাহ থেকে টিকা দিতে শুরু করতে পারে সেরাম। অন্যদিকে, টিকার দুই পর্যায়ের ট্রায়াল রিপোর্ট ফের জমা করে ভারত বায়োটেক জানিয়েছে, কোভ্যাক্সিন টিকা দারুণ কাজ করেছে স্বেচ্চাসেবকদের শরীরে। টিকার ডোজে তৈরি অ্যান্টিবডি ৬-১২ মাস টিকে থাকবে বলেও দাবি করা হয়েছে। কৃষ্ণা এল্লার সংস্থা জানিয়েছে, ভাইরাসের থেকে দীর্ঘমেয়াদী সুরক্ষা দেবে কোভ্যাক্সিন। টিকার ডোজে কোনও জটিল পার্শ্বপ্রতিক্রিয়াও হবে না। এখন কবে থেকে টিকাকরণ শুরু হয় সেটাই দেখার।