
শেষ আপডেট: 17 February 2024 12:28
দ্য ওয়াল ব্যুরো: বকেয়া ডিএ-সহ একাধিক দাবিতে এবার কোচবিহার থেকে কাকদ্বীপ 'অধিকার যাত্রা' শুরু করল বামপন্থী সরকারি কর্মচারীদের সংগঠন রাজ্য কো অর্ডিনেশন কমিটি।
শনিবার সকালে কোচবিহারের সিতাই থেকে 'অধিকার যাত্রা' শুরু করেছেন বামপন্থী সরকারি কর্মচারীরা। ১০ মার্চ এই পদ যাত্রা শেষ হবে দক্ষিণ ২৪ পরগনা জেলার যাদবপুর ৮ বি বাসস্ট্যান্ডে।
রাজ্যের শিল্পায়ন, দুর্নীতির মতো বিষয়কে সামনে রেখে গত ৩ নভেম্বর কোচবিহার থেকে ইনসাফ যাত্রা শুরু করেছিল বামেদের যুব সংগঠন ডিওয়াইএফআই। ৭ জানুয়ারি কলকাতায় ব্রিগেড সমাবেশের মধ্যে দিয়ে কর্মসূচি শেষ হয়। ইনসাফ যাত্রায় বামপন্থী ছাত্র যুবদের নজরকাড়া উপস্থিতি দেখা গিয়েছিল।
ডিওয়াইএফআইয়ের ওই কর্মসূচি থেকে অনুপ্রাণিত হয়েই তাঁরা যে এই পদযাত্রা শুরু করছেন বলে জানিয়েছেন রাজ্য কো অর্ডিনেশন কমিটির জেলা সম্পাদক তথা রাজ্য কাউন্সিলের সদস্য মনোজিৎ দাস।
মনোজিৎবাবু বলেন, "রাজ্যজুড়ে নৈরাজ্যের পরিস্থিতি তৈরি হয়েছে। বেকার ছেলে মেয়েরা চাকরি পাচ্ছে না। অথচ হাজার হাজার সরকারি পদ শূন্য হয়ে পড়ে আছে। সব দফতরে চুক্তি ভিত্তিক লোক দিয়ে কাজ করানো হচ্ছে। আমাদের প্রচুর ডিএ বকেয়া রয়েছে। তাই আমাদের বঞ্চনার কথা কর্মচারী পরিবারের কাছে তুলে ধরতে ডিওয়াইএফআইয়ের আদলে আমরাও অধিকার যাত্রা শুরু করলাম।"