
শেষ আপডেট: 24 February 2023 10:25
দ্য ওয়াল ব্যুরো: চিত্রনাট্য মেনেই ওয়ার্কিং কমিটি (working committee) নিয়ে সিদ্ধান্ত করল কংগ্রেস। শুক্রবার ছত্তীসগড়ের রায়পুরের অধিবেশনের প্রথম দিনেই বিদায়ী স্টিয়ারিং কমিটি (outgoing steering committee) সিদ্ধান্ত করল, ওয়ার্কিং কমিটির সদস্য বাছাইয়ে ভোটাভুটি (voting) হবে না। সব সদস্যকেই বেছে নেবেন সভাপতি মল্লিকার্জুন খাড়্গে।
একই সঙ্গে স্টিয়ারিং কমিটি সিদ্ধান্ত করেছে, প্রাক্তন দুই সভাপতি সনিয়া গান্ধী ও রাহুল এবং প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং সরাসরি ওয়ার্কিং কমিটির সদস্য নির্বাচিত হবেন।
ওয়ার্কিং কমিটির সদস্যদের বেছে নিয়ে ভোটাভুটি করা হবে কিনা তা নিয়ে দলে কৌতূহল ছিল। সনিয়া ও রাহুল সভাপতি থাকাকালে ওয়ার্কিং কমিটির সদস্যদের তাঁরাই বেছে নিয়েছিলেন। শেষবার ভোট হয়েছিল ১৯৯৭ সালে সীতারাম কেশরী সভাপতি থাকার সময়। অগান্ধী সভাপতি
খাড়্গেও কেশরীর রাস্তায় হাঁটেন কিনা তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছিল। কিন্তু বর্তমান সভাপতি সেই পথে হাঁটলেন না।
ভোটাভুটি না হওয়ায় সনিয়া, রাহুলদের মুখ রক্ষা হল, মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। কারণ ভোট হলে গান্ধী পরিবারের কাছের লোকদের অনেকেরই জিতে আসা কঠিন হত। ভোটাভুটি না হওয়ায় সর্বোচ্চ কমিটিতে গান্ধীদের নিয়ন্ত্রণ বহাল থাকবে।
কংগ্রেস নেতা জয়রাম রমেশ শুক্রবার বলেন, 'স্টিয়ারিং কমিটি সর্বসম্মতভাবে সিদ্ধান্ত করেছে, ভোটাভুটি হবে না। ওয়ার্কিং কমিটির সদস্যদের বেছে নেবেন সভাপতি খাড়্গে।'
এমন সিদ্ধান্ত যে হতে যাচ্ছে তা আগেই বোঝা গিয়েছিল সনিয়ারা স্টিয়ারিং কমিটির বৈঠক এড়িয়ে যাওয়ায়। কংগ্রেস মহলের ব্যাখ্যা, গান্ধী পরিবার দেখাতে চাইল, স্টিয়ারিং কমিটিকে তাঁরা কোনওভাবে প্রভাবিত করেনি।
তবে খাড়্গের উপর ওয়ার্কিং কমিটির সদস্যদের বেছে নেওয়ার ক্ষমতা দেওয়ায় বকলমে গান্ধী পরিবারের দখলেই থাকবে কংগ্রেসের সর্বোচ্চ কমিটি। সনিয়া, রাহুলদের পছন্দের লোকেরাই থাকবেন কমিটিতে, ধরে নিচ্ছে দলের সিংহভাগ।
কৃষকের কান্না: ৭০ কিলোমিটার বয়ে ৫১২ কেজি পেঁয়াজ বেচে ২ টাকার চেক