
শেষ আপডেট: 3 January 2023 10:19
দ্য ওয়াল ব্যুরো: উৎসবের আবহে বাড়িতে বসে থাকতে কারই বা মন চায়? তার উপর আবার বর্ষশেষ আর বর্ষবরণ, দুইই পড়েছে সপ্তাহান্তে। সব মিলিয়ে যাকে বলে একেবারে সোনায় সোহাগা। তাই উৎসব উদযাপনে ব্যাগ গুছিয়ে দেশ-বিদেশের বিভিন্ন চেনা-অচেনা পর্যটনস্থলে পৌঁছে গিয়েছিলেন ভ্রমণপিপাসুরা। আর তাঁদের কল্যাণেই এবার হোটেল বুকিংয়ে রেকর্ড করেছে 'ওয়ো' (Oyo)। ৩১ ডিসেম্বর রাতে (New year's eve) বিশ্বজুড়ে ৪ লক্ষ ৫০ হাজার মানুষ ওয়ো রুম বুক করেছেন বলে জানিয়েছে সংস্থাটির প্রতিষ্ঠাতা এবং সিইও রিতেশ আগরওয়াল। আর দেশের মধ্যে বুকিংয়ের নিরিখে নাকি গোয়াকেও ছাপিয়ে গেছে বারাণসী!
টুইট করে নিজেই একথা জানিয়েছেন রিতেশ। ৩১ ডিসেম্বর ছিল ওয়োর সারা বছরের মধ্যে ব্যস্ততম দিন, জানিয়েছেন তিনি। বিশ্বজুড়ে ৭০০-রও বেশি শহরে এদিন তাঁদের প্রায় সমস্ত হোটেল বুক হয়ে গিয়েছিল। আর সেই বুকিংয়ের নিরিখে ভারতে পর্যটকদের অন্যতম পছন্দের শহর উদার এবং বোহেমিয়ান চরিত্রের গোয়াকে টেক্কা দিয়েছে ধর্মীয় চরিত্রের শহর বারাণসী।
রিতেশ জানিয়েছেন, গত বছরের তুলনায় ৩৫% ব্যবসা বেড়েছে ওয়োর। শুধু তাই নয়, গত ৫ বছরে প্রতিদিন হোটেলপিছু বুকিংয়ের সংখ্যা এদিনই সর্বোচ্চ সীমায় পৌঁছেছিল বলে জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, শুধু হোটেল বুকিং নয়, বর্ষশেষের রাতে নয়া রেকর্ড করেছে বিরিয়ানি এবং কন্ডোমের বিক্রিও। ফুড ডেলিভারি সংস্থা সুইগি টুইট করে জানিয়েছিল, ৩১ ডিসেম্বর রাতে সাড়ে ৩ লক্ষ বিরিয়ানির অর্ডার ডেলিভার করেছে তারা। শুধু তাই নয়, সুইগি ইন্স্টামার্টে বিপুল অর্ডার এসেছিল ডিউরেক্স কন্ডোমের। শনিবার রাতে টুইট করে সুইগি জানিয়েছিল, শুধু সেদিন সন্ধ্যা পর্যন্ত ২৭৫৭ প্যাকেট ডিউরেক্স কন্ডোম ডেলিভারি দিয়েছে সুইগি ইন্সটামার্ট। মজার ছলে সংস্থাটি লেখে, 'দয়া করে আরো ৪২১২ প্যাকেট অর্ডার করুন, যাতে সংখ্যাটা ৬৯৬৯ হয়ে যায়, আর আমরা বলতে পারি, 'দারুণ'!'
‘কাঁপিয়ে’ নববর্ষ কাটিয়েছেন কন্ডোম ব্যবহারকারীরা! ডিউরেক্সের দুষ্টু টুইটে হেসে খুন নেটিজেনরা