দ্য ওয়াল ব্যুরো : সাইরেন বাজিয়ে প্রচণ্ড গতিতে ছুটে আসছে পুলিশের জিপ। সামনেই সবজির বাজার। ছুটন্ত জিপ দেখে প্রাণের ভয়ে দৌড়চ্ছে মানুষ। বাজারের সবজি পিষে দিয়ে গেল জিপ। শুক্রবার বিকালে এমনই দু’টি ভিডিও ক্লিপ আপলোড করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এদিন খুব দ্রুত দু’টি ভিডিও ভাইরাল হয়ে যায়। তারপর জানা যায়, ওই ঘটনার জেরে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ জেলার পুলিশে এক সাব ইনসপেক্টর সাসপেন্ড হয়েছেন।
প্রয়াগরাজ পুলিশের প্রধান সত্যার্থ অনিরুদ্ধ পঙ্কজ বলেন, “খুবই নিন্দনীয় কাজ হয়েছে। সেজন্য এক সাব ইনসপেক্টরকে আমরা সাসপেন্ড করেছি।”
ওই ভিডিও তোলা হয়েছিল প্রয়াগরাজ জেলার ঘোরপুর থানা এলাকায়। একটি ভিডিওতে দেখা যায়, পুলিশের জিপ শাকসবজি ও ফল পিষে দিয়ে গেল। দ্বিতীয় ভিডিওতে দেখা যায়, জিপটি থেমে আবার পিছিয়ে গেল। যে শাকসবজি ও ফলগুলি তখনও নষ্ট হয়নি, সেগুলি ফের পিষে দিল। তখন ফের নিরাপদ আশ্রয়ের সন্ধানে দৌড়ল মানুষ।
পুলিশ কেন বিপজ্জনকভাবে গাড়ি চালাচ্ছিল পরিষ্কার নয়। একটি সূত্রে খবর, তারা সবজি মণ্ডিতে সামাজিক দূরত্ব মেনে চলার নির্দেশ দিয়েছিল। কিন্তু কেউ তাদের কথা শোনেনি। সেজন্য ওইভাবে মানুষকে ‘শিক্ষা দেওয়া’ হচ্ছিল। গত মাসে আর একটি ভিডিও ক্লিপে দেখা যায়, পশ্চিম উত্তরপ্রদেশের মেরঠে একদল পুলিশ শাকসবজির ডালা উল্টে দিচ্ছে।
মেরঠের ঘনবসতি এলাকায় এক বাড়ির ছাদ থেকে ওই ভিডিও তোলা হয়। তাতে দেখা যায়, বড় সংখ্যক পুলিশ ওই এলাকায় ঢুকছে। তাদের পরনে আছে রায়ট গিয়ার। রাইফেলধারী পুলিশও আছে তাদের সঙ্গে।