
শেষ আপডেট: 4 December 2022 15:09
দ্য ওয়াল ব্যুরো: মন্দিরে গিয়েছিলেন প্রার্থনা করতে। মূর্তি পরিক্রমার শেষে সেই যে প্রার্থনা করতে বসলেন (Sits To Pray At temple), আর উঠলেন না। পুজোর মাঝেই হার্ট অ্যাটাকে মৃত্যু হল ভক্তের (Dies Of Heart Attack)। মন্দিরে সিসিটিভি ফুটেজে ধরা পড়ল সেই মর্মান্তিক ঘটনা।
ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার মধ্যপ্রদেশের (Madhya Pradesh) কাটনির একটি মন্দিরে। মৃত ব্যক্তির নাম রাজেশ মেহানি। তিনি সাইবাবার ভক্ত ছিলেন বলে জানা গেছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মন্দিরে ঢোকার পর প্রথমেই ভগবানের মূর্তি পরিক্রমা করেন রাজেশ। তারপর প্রার্থনা করবেন বলে মেঝেতে বসেন। সেই যে বসেন, আর ওঠেননি তিনি।
প্রায় ১৫ মিনিট ওইভাবেই তাঁকে বসে থাকতে দেখে সন্দেহ হয় মন্দিরে পুজো দিতে আসা অন্যদের। তাঁরা ছুটে গিয়ে পূজারীকে ডেকে নিয়ে আসেন। এরপর তাঁরাই হাসপাতালে নিয়ে যান রাজেশকে। কিন্তু সেখানকার চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

সূত্রের খবর, রাজেশ একটি ওষুধের দোকান চালাতেন। প্রতি বৃহস্পতিবারই তিনি ওই মন্দিরে পুজো দিতে আসতেন। চিকিৎসকরা জানিয়েছেন নিঃশব্দে হার্ট অ্যাটাক হয়েছিল ওই ব্যক্তির। সেই কারণেই মৃত্যু হয়েছে তাঁর।
নিঃশব্দ হার্ট অ্যাটাকে গত কয়েক মাসে একাধিক প্রাণহানির খবর মিলেছে। কিছুদিন আগেই খবরের কাগজ পড়তে পড়তে আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল এক ব্যক্তির। তাছাড়া, গত বছর হার্ট অ্যাটাকে মৃত্যু হয় হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ শুক্লার। চিকিৎসকরা জানাচ্ছেন, এই ধরনের হার্ট অ্যাটাকের ক্ষেত্রে সাধারণত চোখে পড়ার মতো কোনও উপসর্গ দেখা যায় না। বুকে তীব্র যন্ত্রণা, শ্বাসকষ্ট কিংবা ঝিমুনিভাব, কিছুই তেমন বোঝা যায় না। তাই এই ধরনের হৃদযন্ত্র বিকল হয়ে যাওয়ার ঘটনাকে নিঃশব্দ হার্ট অ্যাটাক বলে দাবি করছেন চিকিৎসকরা।
সেনাবাহিনীর রক কনসার্ট হিমালয়ের কোলে! অনবদ্য ভিডিও দেখে কুর্নিশ করছে গোটা দেশ