দ্য ওয়াল ব্যুরো : বিশ্ব জুড়ে স্তিমিত হয়ে আসছে ওমিক্রন (Omicron) ঝড়। বহু দেশই শিথিল করেছে কোভিড বিধি (Covid Rules)। এই পরিস্থিতিতে ওমিক্রনের নতুন ‘সাব স্ট্রেন’ (Sub Strain) সম্পর্কে সতর্ক করে দিল হু। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভিড টেকনিক্যাল টিমের প্রধান মারিয়া ভান কারখোভ টুইটারে এক ভিডিও পোস্ট করে বলেছেন, “এখনও ভাইরাসের বিবর্তন ঘটছে। ওমিক্রনের কয়েকটি সাব স্ট্রেনের সন্ধান মিলেছে। সেগুলি হল বিএ-১, বিএ ১.১, বিএ ২ এবং বিএ৩।” গত সপ্তাহে কোভিডে আক্রান্ত হয়ে সারা বিশ্বে মারা গিয়েছেন ৭৫ হাজার জন। হু-র মতে বিএ ২ ওমিক্রনের অন্যান্য সাব স্ট্রেনের তুলনায় বেশি সংক্রামক।
হু জানিয়েছে, ওমিক্রনের উপসর্গ মোটেই ‘মৃদু’ নয়। কিন্তু ডেল্টার তুলনায় তার উপসর্গ মৃদু। কারখোভ বলেন, “আমরা লক্ষ করেছি, এখনও অনেক কোভিড রোগীকে হাসপাতালে ভর্তি করতে হচ্ছে। মৃত্যুর সংখ্যাও উল্লেখযোগ্য। এটা সাধারণ সর্দি বা ইনফ্লুয়েঞ্জা নয়। আমাদের এখনও কোভিড সম্পর্কে সতর্ক থাকতে হবে।”
হু জানিয়েছে, প্রতি পাঁচজন ওমিক্রন আক্রান্তের মধ্যে একজন বিএ টু সাব স্ট্রেনে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে হু জানায়, ওমিক্রনের ঢেউ এখন পূর্ব ইউরোপের দিকে অগ্রসর হচ্ছে। সেখানে কোভিড প্রতিরোধে যথাযথ ব্যবস্থা নেওয়া দরকার।