দ্য ওয়াল ব্যুরো : বিশেষজ্ঞরা বলেছেন, কোভিডের (Covid) ওমিক্রন ভ্যারিয়ান্টের (Omicron Variant) মাধ্যমে আসতে চলেছে থার্ড ওয়েভ (Third Wave)। সোমবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জনসাধারণের উদ্দেশে আহ্বান জানালেন, আতংকিত হবেন না। ওমিক্রন দ্রুত ছড়াচ্ছে বটে, কিন্তু তার শক্তি কম। ওই ভ্যারিয়ান্টে আক্রান্ত হলে ভাইরাল ফিভারের মতো মৃদু উপসর্গ দেখা দেবে।
এক সংবাদ সংস্থাকে তিনি বলেন, "ভাইরাস দুর্বল হয়ে পড়েছে। এখন তার উপসর্গ ভাইরাল ফিভারের মতো। তবে সতর্ক থাকতে হবে। ভয় পাওয়ার কোনও কারণ নেই।" পরে যোগী বলেন, ডেল্টা ভ্যারিয়ান্টের মতো ওমিক্রন তত মারাত্মক নয়। ওমিক্রনে আক্রান্ত হলে চার-পাঁচদিনের মধ্যে অসুখ সেরে যাচ্ছে।
গতবছর মার্চ এপ্রিলে অনেকে ডেল্টা ভ্যারিয়ান্টে আক্রান্ত হয়েছিলেন। তখন সেরে উঠতে সময় লাগছিল ১৫ থেকে ২৫ দিন। পরে অনেকের দেহে নানা উপসর্গ দেখা গিয়েছিল। যোগীর বক্তব্য, ওমিক্রনে আক্রান্তদের ক্ষেত্রে এমন উপসর্গ দেখা দেয়নি।
গত নভেম্বরে দেশে প্রথম এক ব্যক্তির শরীরে ওমিক্রন ভ্যারিয়ান্ট ধরা পড়ে। তার পর থেকে উত্তরপ্রদেশে মোট আটজন ওই ভ্যারিয়ান্টে আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, তাঁদের মধ্যে চারজন সেরে উঠেছেন। সোমবার সকালের খবর, গত ২৪ ঘণ্টায় উত্তরপ্রদেশে কোভিডে আক্রান্ত হয়েছেন ৫৫২ জন। অতিমহামারী শুরু হওয়ার পরে রাজ্যে মোট আক্রান্ত হয়েছেন ১৭ লক্ষের বেশি মানুষ। মারা গিয়েছেন ২২ হাজার ৯১৬ জন।
দেশ জুড়ে কোভিড সংক্রমণ বৃদ্ধি পেলেও চলতি বছরেই উত্তরপ্রদেশে বিধানসভা ভোট হবে। অভিযোগ, বিজেপি সহ প্রতিটি দলই মিটিং-মিছিলে কোভিড বিধি মানছে না। নির্বাচন কমিশন জানিয়েছে, উত্তরপ্রদেশে সব দলই চায়, ভোট হোক যথাসময়ে। তারা কথা দিয়েছে, ভোটের প্রচারের সময় কোভিড বিধি মেনে চলবে।