প্রাচীনতম মানুষের পায়ের ছাপের সন্ধান চিলিতে! ১৫ হাজার বছর আগেও মানুষ ছিল আমেরিকায়, দাবি বিজ্ঞানীদের
দ্য ওয়াল ব্যুরো: ১৫ হাজার ৬০০ বছর আগে সেখানে পা রেখেছিল কোনও মানুষ! এমনটাই বলছেন নৃতত্ত্ববিজ্ঞানীরা। সেই সঙ্গে তাঁরা দাবি করছেন, দক্ষিণ আমেরিকার দেশ চিলির দক্ষিণাঞ্চলে যে পায়ের ছাপের নিদর্শন মিলেছে, সেটিই আমেরিকা মহাদেশের সবচেয়ে প্রাচীন প
শেষ আপডেট: 28 April 2019 23:04
দ্য ওয়াল ব্যুরো: ১৫ হাজার ৬০০ বছর আগে সেখানে পা রেখেছিল কোনও মানুষ! এমনটাই বলছেন নৃতত্ত্ববিজ্ঞানীরা। সেই সঙ্গে তাঁরা দাবি করছেন, দক্ষিণ আমেরিকার দেশ চিলির দক্ষিণাঞ্চলে যে পায়ের ছাপের নিদর্শন মিলেছে, সেটিই আমেরিকা মহাদেশের সবচেয়ে প্রাচীন পায়ের ছাপ।
সূত্রের খবর, চিলির অস্ট্রাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ২০১০ সালে এ পায়ের ছাপটি প্রথম আবিষ্কার করেছিলেন। বিজ্ঞানীরা তখন কয়েক বছর ধরে কাজ করে ধারণা করেছিলেন, এই ছাপটি অন্য ধরনের কোনও প্রাণী প্রজাতির। একই সঙ্গে তাঁরা এই সময়ে সেই ফসিলের একটি আনুমানিক বয়সও নির্ধারণ করেছিলেন।
পায়ের ছাপটির গবেষণার তত্ত্বাবধানে থাকা অস্ট্রাল বিশ্ববিদ্যালয়ের জীবাশ্মবিদ ক্যারেন মোরিনো জানান, গবেষকেরা ওই পায়ের ছাপের পাশে হাতি-সহ বিভিন্ন প্রাণীর কিছু হাড়ও পেয়েছিলেন। এত দিনের গবেষণার পরে পায়ের ছাপটি মানুষের বলেই ধারণা করা হচ্ছে। ফলে এটা প্রমাণ করে যে, আমেরিকায় ১৫ হাজার বছর আগেও মানুষ ছিল।

চিলির রাজধানী সান্তিয়াগো থেকে ৮২০ কিলোমিটার দক্ষিণে ওসর্নো নামের একটি শহরে এই পায়ের ছাপ পাওয়া যায়। এখানেই বিজ্ঞানীরা ২০০৭ সাল থেকে খনন কাজ চালিয়ে যাচ্ছিলেন। চিলির অস্ট্রাল বিশ্ববিদ্যালয়ের প্রত্নতাত্ত্বিকরা জানান, একটি বাড়ির পাশে ২০১১ সালের দিকে এই ধরনের পায়ের ছাপ প্রথম দেখতে পাওয়া যায়। এই ছাপ যে মানুষেরই, তা নিশ্চিত করতে জীবাশ্মবিদ কারেন মোরেনো এবং ভূতাত্ত্বিক মারিও পিয়নোর কয়েক বছর লেগেছে।
পিয়ানো বলেন, যে পায়ের ছাপটি পাওয়া গিয়েছে সেটি প্রায় ৭০ কিলোগ্রাম ওজনের প্রাণীর হয়ে থাকবে। এই প্রাণীটি হোমিনিপস মডার্নস গোত্রের এবং এটি হোমো সেপিয়েন্সের অর্থাৎ মানুষের মতোই।
চিলির এই অঞ্চলটি জীবাশ্ম সমৃদ্ধ। এর মধ্যে রয়েছে বর্তমান হাতির পূর্ব প্রজাতির এবং আমেরিকান ঘোড়ার জীবাশ্মও। এর আগেও এই শহরটিতে আরও একটি পায়ের ছাপ পাওয়া গিয়েছিলো যা এক হাজার বছরের পুরনো।