
শেষ আপডেট: 5 February 2024 12:28
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: ছেলেদের কাছে থাকা খাওয়ার অসুবিধা, কিছু একটা ব্যবস্থা করে দেওয়ার আবেদন নিয়ে হুগলির বৃদ্ধ সোজা চলে এলেন মুখ্যমন্ত্রীর বাড়িতে। তাঁর সঙ্গে দেখা করতে। পরে তাঁকে ঘরে ফেরাল পুলিশ।
রবিবার বিকেলে মুখ্যমন্ত্রীর হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়ির সামনে এক বৃদ্ধকে ঘোরাঘুরি করতে দেখেন কালীঘাট থানার পুলিশকর্মীরা। তাঁকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান তিনি। তাঁর থাকার কোনও জায়গা নেই। একটা আশ্রয়ের ব্যবস্থা করে দিতে হবে তাঁকে। সেই জন্যই মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন তিনি। ৭৫ বছরের ওই বৃদ্ধের বাড়ি হুগলি স্টেশনের কাছে।
সঙ্গে সঙ্গেই কালীঘাট থানার পুলিশ চুঁচুড়া থানার সঙ্গে যোগাযোগ করে। চুঁচুড়া থানার পুলিশ বৃদ্ধের ছেলেকে নিয়ে কালীঘাট পৌঁছায়। সন্ধায় বৃদ্ধকে ফিরিয়ে নিয়ে আসা হয় চুঁচুড়া থানায়। সেখানে পুলিশ বাবা ও ছেলের কাউন্সেলিং করে। রাতে গাড়ি করে বাড়ি পৌঁছে দেওয়া হয় তাঁদের। বৃ্দ্ধ বলেন, “আট মাস ধরে ঘুরছি। একটা থাকার মতো জায়গা কোথাও পাচ্ছি না। আজ আধার কার্ড নিয়ে গিয়েছিলাম মুখ্যমন্ত্রীর কাছে। যদি কোনও আশ্রমে থাকা ও কাজের ব্যবস্থা হয়। ওখানে বলল পরে আসবেন। দিদির সঙ্গেও দেখা হল না। পরে পুলিশ নিয়ে এসে আমাকে বাড়ি পৌঁছে দিয়ে গেল।”
বৃ্দ্ধের ছেলে বলেন, “বাবা আমার কাছে থাকত। এখন বলছে আমার ছেলে বেকার। কী করে খাওয়াবে। ওকে কিছু করে দিতে পারিনি। তাই চলে গিয়েছিল। এখন পুলিশ আবার ফিরিয়ে দিল।” পুলিশ জানিয়ছে, বৃদ্ধ যাতে ছেলের বাড়িতে থাকতে পারে তার জন্য বাবা-ছেলে দুজনকেই বোঝানো হয়েছে।