
প্রতীকী ছবি।
শেষ আপডেট: 2 July 2024 20:45
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যজুড়ে গণপিটুনির ঘটনা ঘটেই চলেছে। উদ্বিগ্ন প্রশাসনও। মঙ্গলবারই নবান্নের সাংবাদিক বৈঠক থেকে এ ব্যাপারে কড়া হুঁশিয়ারি দিয়েছেন রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা। বলেছেন, হাতে আইন তুলে নিলে রেয়াত করা হবে না। তারই মাঝে ফের সামনে এল আরও একটি গণপিটুনির ঘটনা।
এবার ঘটনাস্থল নদিয়ার নবদ্বীপে বুড়োশিবতলা। ধারের টাকা শোধ না করায় অরূপ সাহা নামে এক বৃদ্ধকে অর্ধনগ্ন করে খুঁটিতে বেঁধে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে।
খবর পেয়ে পুলিশ গিয়ে ওই বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। ঘটনায় দু'জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের খোঁজে গনপিটুনির ধারায় মামলা রুজু করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, স্থানীয় চা দোকানি কানাই দেবনাথের কাছ থেকে ৮ হাজার টাকা ধার নিয়েছিলেন অরূপ। ঋণের টাকা শোধ না করায় কানাই-সহ কয়েকজন এদিন তাঁর পরনের জামাকাপড় ছিঁড়ে অর্ধলগ্ন করে খুঁটিতে বেঁধে বেধড়ক মারধর করে। অভিযোগ, বৃদ্ধকে বাঁচাতে গিয়ে হামলাকারীদের হাতে জখম হন এক প্রত্যক্ষদর্শীও।
রাজ্যজুড়ে একের পর এক গণপিটুনির ঘটনা ঘটে চলায় বিরক্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এদিন এ ব্যাপারে নবান্নের বৈঠকে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে অসন্তোষও প্রকাশ করেন তিনি। এরপরই এব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপের জন্য প্রতিটি জেলার পুলিশ সুপার এবং রেল পুলিশ সুপারদেরও চিটি পাঠিয়েছে নবান্ন।
পরে সাংবাদিক বৈঠক থেকে রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারাও মানুষকে হাতে আইন না তুলে নেওয়ার আবেদন করেন। সঙ্গে এও জানানো হয়, কেউ নিজের হাতে আইন তুলে নিলে তাঁকে বরদাস্ত করা হবে না।